– – 

– – 

এবার চট্টগ্রামে ফ্রিতে ক্যানসারের অস্ত্রোপচার করবেন যুক্তরাজ্যের দুই সার্জন

পিংক-অক্টোবর ঘিরে চট্টগ্রামের নারীদের স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো হলো, স্ক্রিনিং হলো, ক্যানসার শনাক্তও হলো; কিন্তু এরপর একজন রোগীর কী হবে? সাধারণ মানুষের এ দুশ্চিন্তা ও প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সচেতনতার গণ্ডি পেরিয়ে সরাসরি চিকিৎসার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছে চট্টগ্রামের তিনটি প্রতিষ্ঠান।

মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রম ‘পিংক অক্টোবর’ শেষ হওয়ার পর শনাক্ত হওয়া রোগীদের জন্য পুরো নভেম্বর মাসজুড়ে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিশেষ ক্ষেত্রে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফ্রম অ্যাওয়ারনেস টু কেয়ার’ শীর্ষক এ মানবিক কর্মসূচি যৌথভাবে পরিচালনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া।

bKash

আয়োজন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভ্রাম্যমাণ স্ক্রিনিং কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে মাসব্যাপী ‘পিংক অক্টোবর ২০২৬’-এর প্রাথমিক ধাপ।

এর আগে ১ অক্টোবর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া এই অভিযানে মাসের প্রতি রবিবার, মঙ্গলবার ও বুধবার সিএসসিআর হাসপাতালে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম চালানো হয়। এতে পুরো মাসে ১০৩ জন নারী চিকিৎসক সর্বমোট ১ হাজার ৪৫২ জন নারীকে সেবা দিয়েছেন। এই আয়োজনে সবচেয়ে বড় চমক ছিল ‘পিংক বাস মোবাইল ক্লিনিক’।

প্রতি শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নারীদের হাতের নাগালে স্তন ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং সেবা পৌঁছে দিয়েছে এই বিশেষ ভ্রাম্যমাণ ক্লিনিক।

কেবল হাসপাতালেই নয়, সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রেও। মাসজুড়ে আয়োজিত তিনটি বড় সমাবেশের মধ্যে গত ১০ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন শেডে নারী পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের ৪৬০ জন, ১৪ অক্টোবর প্রিমিয়ার ইউনিভার্সিটি মিলনায়তনে ৭৬ জন এবং ২৯ অক্টোবর চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল ও কলেজে ২৬০ জন শিক্ষার্থী ও শিক্ষিকা অংশ নেন।

সেই পুরো আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি শুরু হয়েছে এই নভেম্বর মাসে। গতমাসে স্ক্রিনিংয়ের মাধ্যমে যাঁদের ক্যানসার শনাক্ত হয়েছে, তাঁদের পরবর্তী চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ টিউমার বোর্ড (মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড)।

নভেম্বর মাসের প্রতি সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বোর্ডের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি বিশেষভাবে নির্বাচিত কিছু রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে, যা পুরো নভেম্বর মাসজুড়ে অব্যাহত থাকবে।

এই চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছে আন্তর্জাতিক চিকিৎসকদের সংগঠন ‘প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া’। এর অংশ হিসেবে আগামী ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে চট্টগ্রামের সার্জনদের সাথে সরাসরি অস্ত্রোপচারে অংশ নেবেন যুক্তরাজ্য থেকে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই সার্জন ডা. লরা জনসন এবং ডা. মো. জাকের উল্লাহ।

সিএসসিআরের কনফারেন্স রুম থেকে এই অস্ত্রোপচার সরাসরি পর্যবেক্ষণ করবেন চট্টগ্রামের একঝাঁক তরুণ সার্জন। সেদিন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনও উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন আয়োজন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের বিশিষ্ট শল্যচিকিৎসক ও পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদের সামগ্রিক তত্ত্বাবধানে মাসব্যাপী এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে।

এতে সার্বক্ষণিক উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. সায়রা বানু শিউলি এবং সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব।

আজ রোববার (১ নভেম্বর) সিএসসিআর হাসপাতালের পক্ষ থেকে মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচেতনতা থেকে সেবা এবং সেবা থেকে উৎকর্ষের পথে এগিয়ে যেতেই তাঁদের এই ধারাবাহিক প্রচেষ্টা।