নগদবিহীন বা ক্যাশলেস সমাজ গড়ে তুলতে ব্যাংকিং খাতে লেনদেন ডিজিটালাইজে উদ্বুদ্ধ করতে প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খান।
তবে ডিজিটাল লেনদেন সিস্টেম তৈরি করতে হলে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা বা সম্পর্ক থাকতে হবে বলে জানান তিনি। তা না হলে আগামীতে মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে, অনেককে মার্কেট হারাতে হতে পারে বলেও অভিমত বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ পরিচালকের।
‘নগদহীন অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ফিনটেকের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বিকাশ লিমিটেডের চিফ কর্মাশিয়াল অফিসার আলী আহমেদ, মাস্টারকার্ডের পরিচালক জাকিয়া সুলতানা, সেবা প্ল্যাটর্ফমের চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সিসিও জিশান কিংশুক হকের সঞ্চালনার এ আয়োজনে প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ।
প্যানেল আলোচকরা ডিজিটাল লেনদেনকে সহজ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সেবাগুলো আরো দ্রুত ও সহজ করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান।




