শুক্রবার – ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার – ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

নির্বাচনে ভোটগ্রহণ শেষে দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচনসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারত্ব প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে জনগণই সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। এই নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ধারা ধরে রাখা সম্ভব হলে গণতন্ত্র উৎকর্ষের শিখরে পৌঁছাবে।