বুধবার – ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার – ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিসবনে বৈশাখ: পান্তা-পিঠায় চাটগাঁইয়াদের উচ্ছ্বাস

পর্তুগালের রাজধানী লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের উদ্যোগে ‘নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা‘ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) শহরের কেইল দো আমারাল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার। এতে প্রবাসী চট্টগ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

দিনব্যাপী এ মিলনমেলায় ছিল বৈচিত্র্যময় আয়োজন—সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার। প্রবাসের মাটিতে এমন আয়োজন যেন নতুন করে শিকড়ের টানে ফিরিয়ে নিয়েছে অংশগ্রহণকারীদের। খাবারের তালিকায় ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা, শিশুদের জন্য বিরিয়ানি এবং বড়দের জন্য দেশীয় নানা ধরনের ভর্তা, ভাজা মাছ ও বৈশাখের বিশেষ আকর্ষণ পান্তা ভাত।

আয়োজকেরা জানান, এ ধরনের অনুষ্ঠান প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাসুদ রানা ও মো. রিদওয়ান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইফুল ইসলাম জয় ও মোজাম্মেল হোসেন। অতিথি বরণে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকবাল চৌধুরী, আশরাফুল আলম, মো. আলাউদ্দিন ও আহমদুর রহমান।

আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন নাছিরুল আলম সাইমন, আব্দুল্লাহ আল জিহাদ, শ্রী প্রমল দা, ইমদাদুল হক রিফাত, রাফি ও মোহাম্মদ কাইয়ুম উদ্দিন। উপহার ও কুপন বিতরণে দায়িত্ব পালন করেন আবুল কাশেম, হেলাল উদ্দিন, মো. জিয়া উদ্দিন ও মোহাম্মদ শাহিন। ক্রীড়া আয়োজন পরিচালনা করেন তাওহীদুল আলম, পাশা, মো. ইমরান, মানিক ও মুসলেহ।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতারা। চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগাল আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করে প্রবাসে বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।