ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ শেষে তিনি নিজ পেশায় ফেরত গিয়েছিলেন। তিনি শুধু দেশের জন্যই লড়েছিলেন। ক্ষমতার প্রতি তাঁর কোন লোভ বা মোহ ছিল না।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, একাত্তর পরবর্তী রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল যারা তাদের একটি পক্ষ যুদ্ধের সময় ভারতে আনন্দ ফুর্ত করেছিল ও তাদের নেতা শেখ মুজিব নিজের পরিবারকে পাকবাহিনীর কাছে আশ্রয়ে রেখে আত্মসমর্পণ করেছিল। প্রকৃতপক্ষে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেনি। বরং স্বাধীনতা পরবর্তী প্রকৃত মুক্তিযোদ্ধারা শোষণ ও বঞ্চনার শিকার হয়েছিলেন। একাত্তর পরবর্তী লুটপাটের শাসনব্যবস্থা দমন করে উন্নয়নের শাসনব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন শহীদ জিয়া।
তিনি বলেন, ১/১১ সময়ের কুচক্রী মহলের ষড়যন্ত্রে আওয়ামী ফ্যাসিবাদী সরকার উন্নয়নের নামে দেশে লুটপাটের শাসনব্যবস্থা কায়েম করেছিল। রাষ্ট্রের সকল উন্নয়ন কাঠামো ভেঙে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে ফ্যাসিস্ট সরকার।
মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। ক্ষমতা রাষ্ট্রের নয়, জনগণের। জনগণকে প্রকৃত অর্থে ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার।
এ সময় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







