চট্টগ্রামে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং সরকার ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে অ্যাকাডেমিক ইঞ্জিনিয়ার্স অ্যান্ড রিসার্চার্স সোসাইটির (AERS) উদ্যোগে ‘সরকার-একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে গবেষণার সুযোগ’ শীর্ষক এক রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। তিনি গবেষণাভিত্তিক উদ্ভাবন ও বাস্তবমুখী প্রকল্প গ্রহণে তরুণ প্রকৌশলী ও গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান।
একই সঙ্গে সরকার, বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, ড. প্রকৌশলী মো. আব্দুর রশিদ এবং ড. প্রকৌশলী আহসানুল্লাহ।
প্রকৌশলী মো. জুনায়েদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় AERS সভাপতি প্রফেসর ড. প্রকৌশলী সানাউল্লাহ চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী আরিফ হাছান চৌধুরী, সহ-সভাপতি ড. প্রকৌশলী নুরসাদুল মামুন, প্রকৌশলী ইফতেখার, প্রকৌশলী মনছুর আলম এবং প্রকৌশলী শ্যামা বর্ণা ভট্টাচার্য বক্তব্য দেন।
বক্তারা গবেষণা ও প্রকাশনার প্রসার, শিল্প-একাডেমিয়া সংযোগ বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে এগিয়ে নিতে গবেষণার জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলা জরুরি।
আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষক, প্রকৌশলী ও গবেষকরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচন এবং জাতীয় উন্নয়নে জ্ঞানভিত্তিক অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে নৈশভোজ ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তা/আ-7.13.2026







