চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী যুবায়ের কবিরকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জন্য ব্রাজিলের অনারারি কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকাস্থ ব্রাজিল দূতাবাস ও স্থানীয় ব্যবসায়ী মহলের সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এমবিএ ডিগ্রিধারী যুবায়ের কবিরতাঁর কর্মজীবন শুরু করেন ব্যাংকিং খাতে। তিনি প্রথমে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এবং পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে পণ্য আমদানি-রপ্তানি (কমোডিটি ইন্ডেন্টিং), রেস্তোরাঁ শিল্প, পেট্রোলিয়াম এবং প্রতিরক্ষা খাতে সফল ব্যবসা গড়ে তোলেন।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছেন যুবায়ের কবির। ২০১৩ সালে তিনি ‘ইউথ থিঙ্ক ট্যাংক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে আসছে।
সংশ্লিষ্টরা বলছেন, অনারারি কনসাল জেনারেল হিসেবে নতুন দায়িত্বে যুবায়ের কবির বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং ক্রীড়া সহযোগিতা বৃদ্ধিতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
এতে চট্টগ্রাম অঞ্চলে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ব্যবসায়ী নেতারা মনে করছেন, যুবায়ের কবির এ নিয়োগ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।





