মঙ্গলবার – ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার – ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ –  ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীর বুকে অমর হলেন ‘অগ্নিকন্যা’ বেগম রোজী কবির

ট্রেড প্রতিবেদক: রাজনৈতিক জীবনের ইতি ঘটলেও চট্টগ্রামের রাজপথের ধূলিকণায় নতুন করে লেখা হলো ‘অগ্নিকন্যা’ বেগম রোজী কবিরের নাম। নগরীর যে ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন হেঁটে যায় হাজারো মানুষ, সেই ঐতিহাসিক ‘স্ট্র্যান্ড রোড’ এখন থেকে পরিচিত হবে ‘বেগম রোজী কবির সড়ক’ নামে।

গণতন্ত্র, মানবাধিকার ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সড়কটির নতুন নামফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। নামকরণের এ উদ্যোগকে শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং গণমানুষের জন্য  মরহুমার আজীবন সেবার প্রতি চট্টগ্রামবাসীর সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনবারের নির্বাচিত সাবেক নারী সংসদ সদস্য বেগম রোজী কবিরের স্মৃতিচারণ করতে গিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, বেগম রোজী কবির ছিলেন চট্টগ্রামের অগ্নিকন্যা ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতি তাঁর কাছে ক্ষমতার বিষয় ছিল না, ছিল মানুষের সেবা করার এক মহান ব্রত। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের দুঃসময়ে তাঁর দেখানো সাহসিকতা ও নিষ্ঠা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

মেডিকেল কলেজে ছাত্রদলের রাজনীতি করার সময় থেকেই বেগম রোজী কবিরের স্নেহ ও দিকনির্দেশনা পাওয়ার কথা স্মরণ করে মেয়র আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং দলের সংকটময় মুহূর্তে রাজপথে বেগম রোজী কবিরের ভূমিকা ছিল অনন্য ও আপসহীন। সাধারণ মানুষের সমস্যা সমাধান, শিক্ষা, চিকিৎসা কিংবা সামাজিক উন্নয়নে তিনি ছিলেন চাটগাঁর মানুষের অন্যতম প্রধান আশ্রয়স্থল।

এসময় মেয়র মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এ নামকরণের মাধ্যমে তাঁর স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন।

সিটি মেয়র আরও বলেন, এমন একজন জননন্দিত নেত্রীর অবদানের যথাযথ মূল্যায়ন আমরা হয়তো করতে পারিনি। তবে তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়ক তাঁর নামে নামকরণ করতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে বেগম রোজী কবিরের পরিবারের সদস্য, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেগম রোজী কবির (১৯৫১-২০২৪) তিনবারের নির্বাচিত নারী সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, মানবাধিকার, নারী উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর কর্মময় জীবন ও সংগ্রামের স্মৃতিকে ধারণ করতেই চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ করা হয়েছে ‘বেগম রোজী কবির সড়ক’।