– – 

– – 

বৈজ্ঞানিক সেমিনার: পার্কভিউতে মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন মা!

নতুন প্রাণের আগমনী বার্তা নিয়ে যে মুহূর্তটি হওয়ার কথা ছিল পরম আনন্দের, মুহূর্তের ব্যবধানে তা রূপ নিল এক শ্বাসরুদ্ধকর জীবন-মৃত্যুর লড়াইয়ে। সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতি মায়ের শরীরে দেখা দিল ‘পেরিপার্টাম ডিআইসি’, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এক নীরব ঘাতক। রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়া ভেঙে পড়ে শুরু হলো অনিয়ন্ত্রিত রক্তক্ষরণ, আর তারই পথ ধরে একে একে অকেজো হতে শুরু করল শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ। যখন বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছিল, ঠিক তখনই হাল ধরলেন একদল অভিজ্ঞ চিকিৎসক। গাইনি, ক্রিটিক্যাল কেয়ার, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিনের বিশেষজ্ঞদের নির্ঘুম প্রচেষ্টা, তড়িৎ সিদ্ধান্ত আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রচিত হলো এক অলৌকিক প্রত্যাবর্তনের গল্প। মৃত্যুর দুয়ার থেকে সুস্থ হয়ে ফিরলেন মা।
চিকিৎসাবিজ্ঞানের এমনই এক রুদ্ধশ্বাস সাফল্য ও জটিল প্রসূতি রোগীর জীবন রক্ষার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে গতকাল শনিবার (৭ নভেম্বর ২০২৬) চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ বৈজ্ঞানিক সেমিনার। দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতালের ১২ তলা কনফারেন্স হলে “Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা। তিনি ওই জটিল প্রসূতি রোগীর সংকটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠার পুরো প্রক্রিয়া (Case Report) বিস্তারিতভাবে তুলে ধরেন। আলোচনায় তিনি জোর দিয়ে বলেন, Peripartum DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশনের মতো জীবনসংকটাপন্ন পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয়, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নিয়ন্ত্রণ, তাৎক্ষণিক রক্ত ও রক্তের উপাদান সরবরাহ এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। পুরো সেমিনারটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ।
অনুষ্ঠানে ‘প্যানেল অব এক্সপার্টস’ হিসেবে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন চমেক হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেনা আক্তার, একই বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. শোয়েলা শাহনাজ, প্রফেসর ও প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী, ইউএসটিসির গাইনি ও ল্যাপারোস্কোপিক সার্জন প্রফেসর ডা. আফরোজা চৌধুরী এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মুসলিনা আক্তার।
এছাড়াও বিশেষজ্ঞ প্যানেলে আলোচনায় অংশ নেন চমেক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাইফুল আজম সাজ্জাদ, পার্কভিউ হাসপাতালের হেমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. জামাল উদ্দিন তানিন, চমেক হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আশরাফুল হক।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ডা. রফিকুল হাসান, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা, ডা. মো. আশেক এলাহী, কনসালট্যান্ট ডা. সাইমা আলমসহ হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, মা ও নবজাতকের জীবন রক্ষায় জটিল পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে রোগীদের আরও উন্নত ও নিরাপদ সেবা প্রদানে সহায়ক হবে। চট্টগ্রামের প্রথম ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল হিসেবে পার্কভিউ হাসপাতাল আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, এই বৈজ্ঞানিক সেমিনারের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পার্কভিউ হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম।