চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের গ্যালারিতে একসময় দর্শকদের যে উপচে পড়া ভিড় ছিল, কালের বিবর্তনে তা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। একই সাথে বিশ্বজুড়ে ফুটবল যখন ৯০ মিনিটের খেলার পাশাপাশি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে রুপ নিয়েছে, তখনও এক দশক ধরে বাংলাদেশ কেবল একটি ‘সুপার লিগ’ আয়োজনেই সীমাবদ্ধ থেকে গেছে।
অবশেষে সেই দীর্ঘ দশ বছরের অপেক্ষার বরফ গলতে শুরু করেছে। এবার শুধু যে টুর্নামেন্ট আয়োজন হবে, তা নয় বরং ফুটবলকে ঘিরে এক পূর্ণাঙ্গ ও টেকসই ‘ক্রীড়া অর্থনীতি’ গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং আন্তর্জাতিক জোট ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (বিএসপি)।
এ উদ্যোগকে সামনে রেখে সম্প্রতি বাফুফে ও বিএসপি’র মধ্যে একটি সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতাকে ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয় বলে মনে করছেন ক্রীড়া সচেতনরা। উদ্যোগের পেছনে কাজ করছে যুক্তরাজ্য, জার্মানি এবং বাহরাইনের মতো দেশগুলোর শীর্ষস্থানীয় পেশাদার ফুটবল, মিডিয়া ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অভিজ্ঞতা।

এই কৌশলগত বৃহৎ-কর্মযজ্ঞের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লন্ডনের ক্যানারি ওয়ার্ফভিত্তিক প্রতিষ্ঠান ‘1CS Holdings Ltd’-এর সিইও এবং বিএসপি’র নির্বাহী চেয়ারম্যান, ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা নাজির আলম। আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বাণিজ্যিক অংশীদারদের সাথে বাংলাদেশের উদীয়মান ক্রীড়া বাজারের সেতুবন্ধন তৈরিতে মূল কারিগরের ভূমিকা পালন করছেন উদ্যোক্তা নাজির আলম।
খেলার মাঠ যখন অর্থনীতির চালিকাশক্তি
সমঝোতা স্মারক বিশ্লেষণ করে দেখা যায়, প্রস্তাবিত ‘বাংলাদেশ সুপার লিগ’-এর মূল দর্শনটিই বেশ চমকপ্রদ। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু কয়েকটি ক্লাবের ট্রফি জয়ের লড়াই নয়, দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর সাথে নতুন আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজিগুলোর মেলবন্ধনে একটি বাণিজ্যিকভাবে লাভজনক প্ল্যাটফর্ম তৈরি করবে।

উদ্যোক্তারা বলছেন, আধুনিক পেশাদার ক্রীড়াঙ্গন পুরো দেশের অর্থনীতিতে এক বিশাল ঢেউ তুলতে পারে। একটি সফল লিগ চালু হলে তার সাথে পাল্লা দিয়ে সম্প্রচার মাধ্যম (ব্রডকাস্টিং), ডিজিটাল মিডিয়া, তথ্যপ্রযুক্তি, পর্যটন, হসপিটালিটি, ক্রীড়া অবকাঠামো, ইভেন্ট ম্যানেজমেন্ট, মার্চেন্ডাইজিং এবং সৃজনশীল শিল্পের মতো খাতগুলোও ফুলেফেঁপে উঠবে। সোজা কথায়, ফুটবল হয়ে উঠবে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং নতুন নতুন ব্যবসার জন্ম দেওয়ার এক শক্তিশালী মাধ্যম।
চট্টগ্রাম ও সিলেটের প্রবাসীদের জন্য কেন এটি বিশেষ?
এই মেগা প্রজেক্টের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের (ডায়াসপোরা) সরাসরি অংশগ্রহণের সুযোগ। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি বিশেষ করে যাদের শিকড় চট্টগ্রাম ও সিলেটে গাঁথা, তাদেরকে শুধু গ্যালারির দর্শক বা সমর্থক হিসেবে নয় বরং আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজিগুলোর সরাসরি বিনিয়োগকারী, অংশীদার এবং উদ্যোক্তা হিসেবে যুক্ত করতে চায় বিএসপি।
পাশাপাশি, ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের বাংলাদেশিদের জন্য এই লিগটি তাদের শিকড় ও সংস্কৃতির সাথে যুক্ত হওয়ার এক দারুণ সেতুবন্ধন হতে পারে। মাঠের খেলার বাইরেও কোচিং, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস ম্যানেজমেন্ট, মিডিয়া প্রোডাকশন, ডিজিটাল প্রযুক্তি ও মার্কেটিংয়ের মতো আধুনিক পেশায় ক্যারিয়ার গড়ার নতুন দুয়ার খুলে যাবে তাদের সামনে।
ব্রিটিশ ক্লাবগুলোর অভিজ্ঞতা যখন বাংলাদেশের মাঠে
ইংলিশ ফুটবলের পেশাদারিত্ব ও ঐতিহ্য বিশ্বজুড়ে সমাদৃত। এই উদ্যোগের মাধ্যমে ব্রিটেনের পেশাদার ও কমিউনিটি ফুটবল ক্লাবগুলোর সাথে বাংলাদেশের ফুটবল ইকোসিস্টেমের সরাসরি কাজের সুযোগ তৈরি হচ্ছে। যদিও বিষয়টি এখনো প্রাথমিক ও যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে, তবুও ভবিষ্যতে ক্লাব-টু-ক্লাব পার্টনারশিপ, কোচ ও কারিগরি বিনিময়, আধুনিক ইয়ুথ একাডেমি স্থাপন, প্রতিভা অন্বেষণ এবং ক্লাব ম্যানেজমেন্টে ব্রিটিশ ক্লাবগুলোর দক্ষতা কাজে লাগানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ফুটবলপ্রেমী বিশাল এক জনগোষ্ঠীর দেশ হওয়ায় ব্রিটিশ ক্লাবগুলোর জন্যও বাংলাদেশে নিজেদের আন্তর্জাতিক পরিধি বাড়ানোর এটি এক সুবর্ণ সুযোগ।

স্বপ্ন যখন বাস্তবের পথে
আন্তর্জাতিক ফুটবল ও বাণিজ্যিক মডেলগুলোকে অনুসরণ করে বিএসপি এমন একটি লিগ কাঠামো তৈরি করতে চাইছে, যেখানে ক্রীড়া সুশাসন (Sporting Governance) ও আধুনিক বাণিজ্যিক চর্চার সমন্বয় ঘটবে। দীর্ঘমেয়াদে এর লক্ষ্য হলো দেশের ফুটবলের মানোন্নয়ন এবং বাংলাদেশকে বড় ধরনের আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক আসর আয়োজনের যোগ্য করে তোলা।
নিজেদের এই সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে বিএসপি’র নির্বাহী চেয়ারম্যান নাজির আলম বেশ আশাবাদী। তিনি বলেন, প্রায় এক দশকের প্রতীক্ষার পর একটি নতুন পেশাদার ফুটবল লিগ বাস্তবায়নের স্বপ্নকে সত্যি করার সুযোগ আমাদের সামনে এসেছে। আমাদের লক্ষ্য কেবল ফুটবল ম্যাচ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়; আমরা একটি টেকসই ক্রীড়া অর্থনীতি গড়ে তুলতে চাই, ব্রিটিশ ক্লাব ও তরুণদের জন্য সুযোগ তৈরি করতে চাই এবং বাংলাদেশের সাথে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই।
বাফুফের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে মূলত একটি সুশৃঙ্খল যাত্রার সূচনা হলো। এখন বিএসপি এবং এর আন্তর্জাতিক অংশীদাররা মিলে লিগের চূড়ান্ত রূপরেখা, বিনিয়োগের কাঠামো, ফ্র্যাঞ্চাইজিগুলোর অংশগ্রহণ এবং মাঠের খেলা শুরুর সময়সূচি চূড়ান্ত করবেন। সব মিলিয়ে, আন্তর্জাতিক অভিজ্ঞতা আর প্রবাসীদের শেকড়ের টানের এই যুগলবন্দি বাংলাদেশের ফুটবলকে কোন নতুন উচ্চতায় নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।





