চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল করণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।
সম্প্রতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. রানা চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এই সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফাল কান্তি সুশীল, শিক্ষক প্রতিনিধি (সহকারী শিক্ষক) জালাল উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি বেলাল উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ ও মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে আধুনিক, বিজ্ঞানমনস্ক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। নলুয়া দ্বিজেন্দ্র লাল করণ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. রানা চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নলুয়া দ্বিজেন্দ্র লাল করণ উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক ও আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষাবোর্ড চেয়ারম্যান মহোদয়ের আন্তরিক দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের এই পথচলাকে আরও বেগবান করবে। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ের ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফাল কান্তি সুশীল বলেন, “শিক্ষাবোর্ড চেয়ারম্যান স্যারের সাথে এই সৌজন্য সাক্ষাৎ আমাদের শিক্ষক ও পরিচালনা পর্ষদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। বিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে আমরা বোর্ডের যে আন্তরিক আশ্বাস পেয়েছি, তা বাস্তবায়নের মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে অবহিত করেন।





