দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা। গত ১২ জুলাই ওয়াসা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুকূলে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকার চেক/পে-অর্ডার প্রদান করা হয়েছে।
জানা যায়, এই মানবিক উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলম। শুধু তাই নয়, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি চট্টগ্রাম ওয়াসা প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে এনেছেন। এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রকৌশলী সেলিম মো. জানে আলম এমডি হিসেবে যোগদানের পরপরই চট্টগ্রাম ওয়াসার ইতিহাসে এক নজিরবিহীন ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণ ও নানা বিভাগীয় কূটকৌশলের শিকার হয়ে পদোন্নতি বঞ্চিত হওয়া ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে তিনি যোগ্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করেছেন। এর মাধ্যমে সংস্থাটিতে ঘটতে থাকা দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক বৈষম্যের অবসান ঘটে এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।
এই মানবিক সহায়তা প্রসঙ্গে প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, টানা ভারী বর্ষণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানকৃত এই সহায়তা শুধু আর্থিক সহায়তাই নয়, এটি দুর্গত মানুষের পাশে আমাদের দায়বদ্ধতারও প্রতিফলন। দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আশা করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারব এবং দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সক্ষম হব।
প্রসঙ্গত, প্রকৌশলী সেলিম মো. জানে আলম পেশাজীবী ও ছাত্ররাজনীতিতে অত্যন্ত এক সুপরিচিত ব্যক্তিত্ব। যিনি অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব) চট্টগ্রামের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছাত্রজীবনে তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্র সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি) ছিলেন।







