রবিবার – ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার – ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মফস্বলে বর্জ্য ব্যবস্থাপনা ও পশুর হাট নিয়ন্ত্রণে জেলা প্রশাসককে বিজেপির স্মারকলিপি

চট্টগ্রামের মফস্বল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার অবনতিশীল পরিস্থিতি এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর বর্জ্য অপসারণে জনদুর্ভোগের আশঙ্কা নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চট্টগ্রাম জেলা শাখা।

এ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে দলটির নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মফস্বল এলাকায় জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে বর্জ্য ব্যবস্থাপনা সংকট, বিশেষ করে ঈদুল আজহায় কুরবানির পশুর উচ্ছিষ্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চট্টগ্রাম জেলার আহ্বায়ক শেখ মোঃ ইকরাম হোসাইনের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সদস্য সচিব এইচ এম তাহি, সদস্য মাওলানা শওকত আলী, মহানগর ছাত্রসমাজের আহ্বায়ক শাহরিয়ার হোসাইন আরিফ এবং যুগ্ম-আহ্বায়ক আবু রায়হানসহ অন্য নেতারা।

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক ঈদকে কেন্দ্র করে বর্জ্য-ব্যবস্থাপনা ও জনশৃঙ্খলা রক্ষায় দুটি বিষয়ে গুরুত্বারোপ করেন। এর মধ্যে রয়েছে—প্রতিটি ইউনিয়নে নির্ধারিত তদারকির মাধ্যমে দ্রুত আবর্জনা ও কুরবানির পশুর উচ্ছিষ্ট অপসারণের ব্যবস্থা গ্রহণ এবং সড়কে কোনো ধরনের পশুর হাট বসাতে না দেওয়া।

এ সময় জেলা প্রশাসক জানান, যত্রতত্র পশুর হাট বসিয়ে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বৈঠকে বিজেপি নেতারাও প্রশাসনের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।