– – 

– – 

বাচ্চু-জেমসদের সুরের আঁতুড়ঘর: কোথায় হারাল মেহেদীবাগের সেই ‘রেকর্ডস’?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই আশির দশকে ফেরার ট্রেন্ড চালু হয়েছে। উঁচু কোমরের প্যান্ট, পুরোনো শাড়ি ও বড় আকৃতির টেলিভিশন এবং বিবর্ণ রঙের ছোঁয়ায় সবাই যখন এআইয়ের কৃত্রিম ফিল্টারে নস্টালজিয়ায় ভাসছেন, ঠিক তখনই আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা ফিরে যাব সেই আশি-নব্বই দশকে। চট্টগ্রামের এক জীবন্ত ইতিহাস ও বাস্তব কাহিনি নিয়ে।

এআই দিয়ে তৈরি ছবির সেই আশির দশক বাস্তবে যেমন ছিল, তারচেয়ে ঢের বেশি নিখুঁত রূপটি দেখা যেত আমাদের চট্টগ্রামের মেহেদীবাগে। টিনের ছাউনিঘেরা দোকানটির কাঠের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ত দেয়ালজুড়ে জন-লেনন আর মেটালিকার পোস্টার। যান্ত্রিকতার বিতিকিচ্ছিরি -কদর্য শব্দ ছাপিয়ে কানে ভেসে আসত বিশ্বখ্যাত টেকনিকস বা আকাই টার্নটেবলে ঘুরতে থাকা এলপি রেকর্ডের চিত্তাকর্ষক-হৃদয়স্পর্শী সুর।

সেই সুরের ঐন্দ্রজালিক-মায়াজালে বুঁদ হয়ে থাকা মানুষগুলোর দিকে চোখ বুলালেই দেখা মেলতো একঝাঁক তরুণ সঙ্গীতপ্রেমীর মুখ, যাঁদের কেউ আইয়ুব বাচ্চু, কেউ জেমস, কেউবা পার্থ বড়ুয়া কিংবা সোলসের নাসিম আলী খান। এভাবে কৈশোরের বয়ঃসন্ধিকাল আর যৌবনের তেজদীপ্ত সময়ের সন্ধিক্ষণে থাকা সেই স্বপ্নবাজদের উচ্ছল পদচারণায় মুখরিত হতো প্রতিটি প্রহর, যেন এই ক্ষুদ্র প্রকোষ্ঠে স্বয়ং সুরের দেবী এসে আসন পেতেছেন।

bKash

আশি-নব্বই দশকে দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতের প্রবাদপ্রতিম মহারথীদের নিয়মিত আড্ডা ও গান সংগ্রহের তীর্থক্ষেত্র ছিল মেহেদীবাগের ৫০১/এ হোল্ডিং নম্বরের সেই দোকানটি। নাম ‘রেকর্ডস’ (Records)। বর্তমান ন্যাশনাল হাসপাতালের পাশে, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাড়ির ঠিক বিপরীতে থাকা সেই দোকানটি শুধু তারকাদেরই নয়, হয়ে উঠেছিল চট্টগ্রামের পুরো এক উঠতি-প্রজন্মের মননশীলতা ও শ্রবণেন্দ্রিয়ের শুদ্ধতম পাঠশালা, সংগীতের রুচি তৈরির এক অনন্য আঁতুড়ঘর। আর এই সুরমন্দিরের নেপথ্যের কারিগর ছিলেন চট্টগ্রামেরই কৃতী সন্তান নিভৃতচারী সংগীত-সাধক মোস্তাফিজুর রহমান।

দেশ-বিদেশে যশ-খ্যাতি অর্জনের আগে গিটারের জাদুকর খ্যাত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর শিকড়ও প্রোথিত ছিল এ দোকানেই। নব্বই দশকের শুরুতে ঢাকায় স্থায়ীভাবে থিতু হওয়ার আগ পর্যন্ত (১৯৮৯-৯০) নিয়মিত ‘রেকর্ডস’ আসতেন এ রক-লিজেন্ড। পার্থ বড়ুয়া ও ব্যান্ডের সদস্যরা ১৯৯১ সালে ঢাকায় যাওয়ার আগ পর্যন্ত দিনের বড়ো একটা সময় এখানেই কাটাতেন। শুরুর দিকে নগর বাউল জেমসও আসতেন। সোলস ব্যান্ডের নাসিম আলী খানরা এখান থেকেই গানের ক্যাসেট ‘মাস্টার’ করতেন, পরে তা মার্কেটিংয়ের জন্য জাহেদ ইলেকট্রনিক্সকে দিতেন।

সময়ের আবর্তনে মেহেদীবাগে আজ আর নেই সেই ‘রেকর্ডস’। নেই কৃষ্ণবর্ণের ভিনাইল বা ক্যাসেট রেকর্ডের সেই জমজমাট দিন। সেদিনের অগণিত উদ্দাম কিশোর-তরুণ সুরপ্রেমী শ্রোতারা আজ ৫০-৫৫ পেরিয়ে প্রৌঢ়ত্বের গোধূলিবেলায় হাঁটছেন, আর সবার প্রিয় অগ্রজ মোস্তাফিজ ভাইও চৌষট্টি বছর পেরিয়ে পরিণত হলেন এক প্রাজ্ঞ-স্মৃতিচারী মানুষে।

সম্প্রতি ‘ট্রেড ট্রিবিউন’ পত্রিকা কার্যালয়ে বসে একান্ত আলাপচারিতায় সেই হারানো দিনের ঝাঁপি খুলে বসেছিলেন মোস্তাফিজুর রহমান। এক প্রজন্মের মননশীলতায় নীরবে ধ্রুপদি রুচির বীজ বপন করে দেওয়া মোস্তাফিজুর রহমানের কণ্ঠে উঠে এলো সততা, সংগীতপ্রেম আর অর্থলিপ্সা ছাপিয়ে মানুষের নিখাদ ভালোবাসা এবং সেই প্রজন্মের মানসিক-সাংস্কৃতিক বিকাশের এক অজানা ইতিহাস।

আরও পড়ুন: জয়ার চোখে আগামীর কর্মজগৎ

১৯৮৫ সালে সূচনা এবং সততার খোঁজে মিউজিকের ভুবনে

মেহেদীবাগে ‘রেকর্ডস’র যাত্রা শুরু হয়েছিল ১৯৮৫ সালে। তবে শুরুর দিকে রেকর্ডসে’র মালিকানায় ছিলেন না মোস্তাফিজুর রহমান। তিন বন্ধু যথাক্রমে নরসিংদীর আবুল কাশেম, সিলেটের সাজ্জাদুর রব এবং চট্টগ্রামের সিকাস (তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ভাগ্নে); এই তিন স্বপ্নদ্রষ্টা তরুণের সম্মিলিত প্রয়াসে সাজ্জাদুর রবের জায়গাতেই গড়ে উঠেছিল ‘রেকর্ডস’। শুরুতে বন্ধু আবুল কাশেমের সুবাদে সেখানে নিয়মিত যাতায়াত-আড্ডা ছিল মোস্তাফিজুর রহমানের। বন্ধুত্বের অমায়িক সখ্যতা ও সৌহার্দ্যের সূত্র ধরে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে ‘রেকর্ডসে’ আষ্টেপৃষ্টে জড়িয়ে গেলেন মোস্তাফিজুর রহমান নিজেও।

অনেকেই হয়তো ভাবেন, গানের জগতের মানুষ মানেই তিনি নিজেও গায়ক বা সুরকার। কিন্তু মোস্তাফিজুর রহমান কখনোই গান গাওয়ার চেষ্টা করেননি। গিটার শেখার সুপ্ত ইচ্ছা থাকলেও পারিবারিক আবহের কারণে একসময় তা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় । তাহলে প্রথাগত দক্ষতা বা প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি কীভাবে এলেন এই পেশায়? কেনই বা সুরের ভুবনে আত্মনিবেদন করেছিলেন অকাতরে? জবাবটা ছিল বেশ চমকপ্রদ—‘আপসহীন সততা’।

ব্যক্তিজীবনে একাডেমিক পাঠ চুকিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন তিনি। নীতি-নৈতিকতায় অবিচল-অঙ্গীকার মোস্তাফিজুর রহমান সেখানেও থিতু হতে পারলেন না। এরপর সিঅ্যান্ডএফ, ইমপোর্ট-এক্সপোর্টসহ নানা ব্যবসার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ব্যবসা জগতের কদর্য প্রতিযোগিতা এবং অনৈতিকতার চোরাবালিতে বিষিয়ে উঠে মনপ্রাণ।

তিনি বুঝতে পেরেছিলেন, এ ধাঁচের প্রচলিত ব্যবসায় টিকে থাকতে সততার সাথে আপস করতে হবে, যা মোস্তাফিজের কাছে ছিল অত্যন্ত গর্হিত কাজ। তাই বিবেকের দংশন এড়িয়ে ‘অসৎ না হয়েও আনন্দের সাথে কাজ করা যায়’, এমন এক পেশার খোঁজেই ১৯৮৮ সালের ৪ আগস্ট ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে বন্ধু সাজ্জাদুর রবের কাছ থেকে কিনে নেন ‘রেকর্ডস’।

অবশ্যই বন্ধু ইসমাইল তাঁকে ভিন্ন পরামর্শ দিয়েছিলেন । ওই ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে ‘রেকর্ডস’ না কিনে নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজায় একটি দোকান কিনতে। মোস্তাফিজ তখনই বুঝেছিলেন, সেদিন দোকান কিনলে ভবিষ্যতে তা কোটি টাকার সম্পদে পরিণত হবে। তবু মোস্তাফিজ সেদিন কোটি টাকার ভবিষ্যৎ সম্পদের হাতছানি উপেক্ষা করে বেছে নিয়েছিলেন আত্মার খোরাক, এ গানের ভুবনকে।

মোস্তাফিজুর রহমান বলছেন, ব্যবসা হিসেবে ‘রেকর্ডস’ তাঁকে অর্থবিত্তের মালিক করেনি, তা সত্য; অধিকন্তু বিদেশ থেকে নতুন অ্যালবাম ও সিডি আনতে গিয়ে বারবার আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। রেকর্ডসে সম্পৃক্ত থাকা আপন শিপিং ইঞ্জিনিয়ার শ্যালকের কথা তুলে ধরে মোস্তাফিজ বলেন, একমাত্র শ্যালকই পাই টু পাই হিসাব মিলিয়ে সিডি এনে দিলেও, অন্য অনেককে ৩০০-৪০০ ডলার দিলে ২০০ ডলারের সিডি এনে বাকি টাকা মেরে দিতো। তবুও বারবার নানাভাবে আর্থিক রক্তক্ষরণের শিকার হয়েও বিত্তের চেয়ে চিত্তের প্রাচুর্যকেই অধিকতর মহীয়ান জ্ঞান করেন মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: ইট-কাঠের শহরে সৃজনশীলতার নতুন ঠিকানা ‘কেন্দ্রবিন্দু’

ঈদের নতুন জামা বাদ দিয়ে ক্যাসেট রেকর্ডিং

আশির-নব্বই দশকে ‘রেকর্ডস’ ঘিরে তারুণ্যের যে অকৃত্রিম উন্মাদনা ছিল, তা অস্বীকার করা জো নেই। রুচিবোধ ও নান্দনিকতার চর্চায় ‘রেকর্ডস’ হয়ে উঠেছিল আভিজাত্য ও সংস্কৃতির এক অপ্রতিরোধ্য প্রতীক। তখনকার তরুণরা ‘রেকর্ডস’-এ যাওয়ার সময় নতুন জামাকাপড় সেলাই করতো। তাদের ভাবনা, এটি এমন এক রুচিশীল জায়গা, যেখানে যেনতেনভাবে হেঁটে ঢুকে পড়া যায় না। এমন অনেক পাগলাটে শ্রোতাও ছিল যারা ঈদে নতুন জামাকাপড় না কিনে সেই টাকা দিয়ে ‘রেকর্ডস’ থেকে ক্যাসেট রেকর্ডিং করতে চলে আসত।

ক্যাসেটের ফিতায় বন্ধুত্ব: ‘ভাইয়া, আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে যান!’

একটা ক্যাসেট রেকর্ড করার জন্য দিনের পর দিন অপেক্ষা করা, তারপর সেই ক্যাসেট এক বন্ধুর হাত থেকে আরেক বন্ধুর হাতে যাওয়া; এভাবেই গড়ে উঠত বন্ধুত্বের এক শক্তিশালী বন্ধন। তাই মোস্তাফিজুর রহমানের সাথে শ্রোতাদের ক্রেতা-বিক্রেতার সম্পর্কটি পরিণত হয়েছিল আত্মিক-আন্তরিক সম্পর্কে।

এক ঈদের আগের রাতের স্মৃতিচারণ করে তিনি বলেন, মেরিন একাডেমির ছাত্র অ্যাঞ্জেল (বর্তমানে সিঙ্গাপুর বসবাস করছেন) আমার কাছে ৭-৮টা ক্যাসেট অর্ডার দিয়ে, অধীর আগ্রহ নিয়ে তা ডেলিভারি পাবার আশায় ছিল। কিন্তু ঈদের আগে কাজের চাপে সেগুলো প্রস্তুত না হওয়ায় সে নিজেই এসে আমাকে বলল, ভাইয়া, আপনি আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে যান, না হয় কাস্টমার এসে তো আপনাকে নাজেহাল করে ফেলবে! শ্রোতাদের সঙ্গে এমনই সহমর্মিতার সম্পর্ক ছিল আমার।

কেবল ক্রেতা-বিক্রেতা নয়, সম্পর্ক ছিল পরিবারের মতো; মোস্তাফিজুর রহমানের বিয়েতে ‘রেকর্ডস’-এর নিয়মিত আড্ডাবাজ ও শুভানুধ্যায়ীদের মিলনমেলা

টিডিকে ক্যাসেট, টেকনিকস টার্নটেবল ও নিখুঁত সাউন্ডের জাদু

সেই সময়ে ‘ঐকতান’-সহ অধিকাংশ দোকানে ‘ক্যাসেট টু ক্যাসেট’ ডাবিং করার প্রক্রিয়া ছিল বেশ প্রচলিত। এ ক্ষেত্রে বড় সাউন্ড সিস্টেমে গান শুনলে এক ধরনের ‘হিসিং’ শব্দ শোনা যেত। কিন্তু ‘রেকর্ডস’ সরাসরি এলপি-ভিনাইল থেকে উচ্চমানের ক্যাসেটে গান রেকর্ড করত। ফলে সুরের নিষ্কলুষ ঝরনাধারার ছিটেফোঁটারও ব্যত্যয় না ঘটায়, তা হয়ে উঠত এক অনবদ্য শ্রব্য-শিল্পকর্ম। চট্টগ্রামের প্রসিদ্ধ ‘রেইনবো’রও আরও অনেক আগে ‘রেকর্ডস’ অরিজিনাল সিডি সংগ্রহের কাজ শুরু করে, যা শ্রোতাদের মধ্যে এক অসাধারণ সাড়া তুলেছিল।

একজন সংগীতপিপাসুর কাছে পরম আরাধ্য বস্তু হচ্ছে সুরের সূক্ষতম কম্পনটুকুও যেন অবিকৃত থাকে, শ্রোতাবৃন্দের এমন আগ্রহের কারণে মোস্তাফিজ কখনও নিখুঁত শব্দের জন্য আপস করেননি। একসময় নিজস্ব বাসায় তাঁর কাছে ১২-১৩টি টার্নটেবল ছিল। যদিও সনি (Sony) দোকানে টেকে না, তবুও বিশ্বখ্যাত Akai, Technics এবং Sansui ব্র্যান্ডের টার্নটেবল ও ডেক ব্যবহার করা হতো। আর ব্ল্যাংক ক্যাসেটের ক্ষেত্রে তাঁদের পছন্দের তালিকার শীর্ষে ছিল TDK। বাজারের তুলনায় কিছুটা কম দামে রেকর্ডস থেকেও TDK ক্যাসেট বিক্রি করা হতো।

আশি-নব্বইয়ের দশকে চট্টগ্রামের সংগীতপ্রেমীদের কাছে আভিজাত্যের প্রতীক ছিল ‘রেকর্ডস’-এর এই টিডিকে (TDK) ক্যাসেটগুলো

মানের দিক থেকে রেইনবো বা অন্য যে-কোনো দোকানের তুলনায় ‘রেকর্ডসে’র রেকর্ডিং খরচ কিছুটা বেশি ছিল। পুরো একটি অ্যালবাম একসঙ্গে রেকর্ড করতে ৬০ মিনিটের ক্যাসেটে খরচ পড়ত ৩৫ টাকা (পরে ৪০ টাকা) এবং ৯০ মিনিটের ক্ষেত্রে ৪৫ টাকা (পরবর্তী সময়ে ৫০ টাকা)। তবে শ্রোতাদের পছন্দ অনুযায়ী নির্বাচিত গানগুলোর ‘মিক্সড ক্যাসেট’ তৈরি করতে হলে খরচ ছিল ৬০ মিনিটে ৫০ টাকা এবং ৯০ মিনিটে ৭০ টাকা (যা পরে ৯০ টাকা হয়ে যায়)।

প্রিয়তমার মান ভাঙাতে কিংবা প্রথম প্রেমের নিবেদন জানাতে সেই ক্যাসেট ফিতায় গ্রথিত প্রতিটি রোমান্টিক গানের তালিকা যেন ছিল একেকটি জীবন্ত প্রেমপত্র। বিশেষত তরুণরা প্রিয়জনকে উপহার দিতে যে রোমান্টিক গানগুলোর তালিকা নিয়ে আসতেন, আর মোস্তাফিজুর রহমান তৎক্ষণাৎ গানগুলো বেছে নিয়ে রেকর্ড করে দিতেন।

বলা যায়, রেকর্ডিংয়ের মান এতই অসাধারণ-ইউনিক ছিল যে, ছেলেরা ঢাকা থেকে চট্টগ্রামে রেকর্ডিং ডাবিং করতে আসতো। এ নিয়ে মোস্তাফিজুর রহমান গর্ব করে বলেন, পৃথিবীর যেখানেই যাই না কেন, যদি গান বাজে, আমি নিশ্চিতভাবে বলে দিতে পারব—এটি আমাদের ‘রেকর্ডস’-এর তৈরি রেকর্ডিং।

আরও পড়ুন: সবুজের নীল কান্না

ক্যাসেটের কভারে মুক্তোর মতো হাতের লেখা ও ‘রেকর্ডস সমিতি’

রেকর্ডগুলোর একটি বিশেষ দিক ছিল ক্যাসেটের ইনলে-কার্ড বা কভারে থাকা গানের নাম এবং নম্বরে অসাধারণ হাতের লেখা। অনেকেই সেই সুন্দর হাতের লেখাটির নকল করার চেষ্টা করত। বলতে দ্বিধা নেই, আশির দশকে মানুষের হস্তাক্ষরের যে সম্মোহনী শক্তি ছিল, আজ তা বিস্মৃতপ্রায়। সেই সময় বিশাল সংখ্যক ক্যাসেটের তালিকা প্রস্তুতের জন্য শ্রোতা হাসানকে সভাপতি এবং অভিজিৎ মিঠুকে সহ-সভাপতি করে একটি ‘রেকর্ডস সমিতি’ গড়ে দেন মোস্তাফিজুর রহমান। যার সদস্য সংখ্যা ছিল ৪-৫ জন। হাসানের হাতের লেখা ছিল অত্যন্ত আকর্ষণীয়, তবে অভিজিৎ মিঠুর হাতের লেখা ছিল সত্যিই জাদুকরী ও বিশেষ। তাঁরা আনন্দের সাথে ক্যাসেটগুলোর তালিকা তৈরি করতেন।

রেকর্ডস সমিতি’র সদস্য হাসান ও অভিজিৎ মিঠুর জাদুকরী হাতের লেখায় ক্যাসেটের ইনলে-কার্ডে গানের তালিকা

ঢাকার চেয়ে চট্টগ্রামে রক-শ্রোতা বেশি ছিল, মেটাল শ্রোতারা ছিল সবচেয়ে শান্ত!

ইউটিউব-স্পটিফাইয়ের যুগে অ্যালগরিদম গানগুলো সাজিয়ে দেয় কিন্তু আশির দশকে শ্রোতাদের অন্তর্গত তৃষ্ণা ও মনস্তত্ত্ব পাঠ দেখে মিউজিকের ‘টেস্ট’ বা রুচি তৈরি করে দিত ‘রেকর্ডস’। কে কান্ট্রি, ক্ল্যাসিক্যাল বা ওয়েস্টার্ন পছন্দ করে, আর কে হার্ডরক বা থ্র্যাশ মেটাল ভালোবাসেন—এভাবে শ্রোতাদের গান সাজেস্ট করতেন মোস্তাফিজ।

মোস্তাফিজুর রহমান বলেন, সেই সময় ঢাকার তুলনায় চট্টগ্রামে রক ও হার্ডরক গানের শ্রোতাসংখ্যা বেশি ছিল। রেকর্ডসের হার্ডরক কালেকশন এতটাই সমৃদ্ধ ছিল যে, পরে মোস্তাফিজ নিজেই ‘রেইনবো’কে সেসব কালেকশন দিয়ে দিয়েছিলেন। ফজলে ইকরামের মতো শ্রোতারা আমেরিকা থেকে এখানে সিডি এনে শোনাতেন। মোস্তাফিজ বলন, এই ফজলে ইকরামের উৎসাহে নিজের মধ্য এরিক ক্ল্যাপটনের গানের প্রতি এক তীব্র আসক্তি জন্ম নিয়েছিল।

মোস্তাফিজ শ্রোতাদের মনস্তত্ত্ব নিয়ে তাঁর চোখে পড়া এক আকর্ষণীয় অভিজ্ঞতা শেয়ার করেছেন। সাধারণত মানুষের মধ্যে একটি ধারণা প্রতিষ্ঠিত আছে যে, হেভি মেটাল বা থ্র্যাশ মেটাল যারা শুনতেন, তারা হয়তো প্রবল উগ্র বা দাঙ্গাবাজ প্রকৃতির মানুষ হয়ে থাকেন। তবে মোস্তাফিজের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন।

মোস্তাফিজুর রহমান বলেন, মেটাল শ্রোতারা ছিলেন সবচেয়ে শান্ত ও নিরিবিলি। তাঁদের মধ্যে কারও সঙ্গে কোনো ঝগড়া-বিবাদ ছিল না; তারা চুপচাপ এসে সঙ্গীত রেকর্ড করে চলে যেতেন। প্রচলিত সামাজিক ধারণার বিপরীতে এটি ছিল সেই সময়ের মানুষের মনস্তত্ত্বের এক বিস্ময়কর বৈপরীত্য।

একজন বিশেষ শ্রোতার উদাহরণ দিয়ে মোস্তাফিজ বলেন, এ শ্রোতার বাবা বিদেশ থেকে ফিরে একাধিক রক সিডির বদলে সিম্ফনির একটি সিডি নিয়ে এসেছিলেন। বাবার সেই জিনিসগুলো সে রেকর্ডসে দিয়ে যান। এছাড়াও, তিনি টিপু নামের এক মেটালপ্রেমী শ্রোতার কথাও মনে করিয়ে দিয়ে বলেন, সে আমেরিকায় গিয়ে ১১-১২শ’ ডলার মূল্য দিয়ে সিডি কিনেছিল। কিন্তু মেটাল গান শুনতে শুনতে হাই-স্পিডে গাড়ি চালানোর সময় পুলিশের কাছে মামলা পর্যন্ত খেয়েছিল।

আরও পড়ুন: শুল্কের নতুন দেয়াল, কোন পথে উত্তর আমেরিকার গাড়ি শিল্প?

টার্নটেবল থেকে সাধারণ কম্পিউটার স্পিকার: এক নীরব বর্তমান

২০০৩ সালে বাবা হারান মোস্তাফিজুর রহমান। পিতৃবিয়োগের পর ‘রেকর্ডস’ পরিচালনা বন্ধ হয়ে যায়। সেই সময়, যথাযথ যত্ন না পেয়ে বেশ কিছু দুর্লভ এলপি (LP) রেকর্ড ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি হতাশ হয়ে অন্যান্য এলপিগুলো খুব কম দামে বিক্রি করে দেন; যেগুলোর মূল্য পরে সংগ্রাহকদের কাছে যথেষ্ট বৃদ্ধি পায় এবং সেগুলি তাঁর ধরাছোঁয়ার বাইরে চলে যায়।

তবুও ২০১৮-২০ সাল পর্যন্ত সীমিত পরিসরে চালু ছিল ‘রেকর্ডস’। নতুন প্রজন্মকে নিজেদের শৈশবের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে শেষের দিকে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের হাত ধরে মেহেদীবাগের এই দোকানে নিয়ে আসতেন। শ্রোতাদের আবদারে ‘রেকর্ডস’ নামটি বাঁচিয়ে রাখতে ২০২০ সালে কফির সাথে মিউজিকের মেলবন্ধন ঘটিয়ে সেখানে ‘মিউজিক মেইড কফিশপ’ চালু করেছিলেন মোস্তাফিজ। কিন্তু জায়গার মালিক জমিটি বিক্রি করে দেওয়ায় ২০২২ সালে চিরতরে পর্দা নামে ৩৭ বছরের এই ইতিহাসের।

ঈগলস ব্যান্ডের প্রধান ভোকাল ডন হেনলির ‘দ্য লাস্ট ওয়ার্থলেস ইভিনিং’, মার্ক নফলার কিংবা জে. জে. কেইলের ‘ইউ কিপ মি হ্যাংগিন অন’- গানগুলো এখনও মোস্তাফিজের হৃদয়ে আসন পেতে বসে আছে। বর্তমান সময় কীভাবে কাটছে, এ প্রশ্নের জবাবে মোস্তাফিজ জানান— বর্তমানে নগরের বায়েজিদ টেক্সটাইল এলাকায় গ্রিনভ্যালি সোসাইটিতে বাস করছেন। ৬৪ বছর বয়সী এ সংগীত-সাধক এখন খুব একটা বাড়ির বাইরে যান না।

রেকর্ডসের অরিজিনাল সিডির গানগুলো ডিজিটাল ফরম্যাটে কম্পিউটারেই সযত্নে রেখে দিয়েছেন। কম্পিউটারের সাধারণ স্পিকারেই শোনেন গান। এটি যেন সময়ের এক কঠিন পরিহাস। এক সময় যে ব্যক্তি এক ডজনেরও বেশি টার্নটেবল এবং ইকুয়ালাইজারসহ উন্নত সাউন্ড সিস্টেমে গান উপভোগ করতেন, আজ তিনি একটা সাধারণ কম্পিউটার স্পিকারে গান শুনছেন। সাউন্ডের এই আপস মেনে নিতে কষ্ট হয় জানিয়ে আক্ষেপের সুরে মোস্তাফিজ বলেন, বিকল্প না থাকলেও গান ছাড়া তিনি আর বাঁচতে পারবেন না।

মোস্তাফিজুর রহমান বলেন, পুরনো স্মৃতিগুলো মনে হলে তার মনে আনন্দের পাশাপাশি কিছুটা বিষাদও ভর করে উঠে। ৯০ থেকে ৯৬ সালের মধ্যে তার সহযোদ্ধা-কর্মচারী জসিমের অকাল মৃত্যু এবং এরপর আরেক নিবেদিতপ্রাণ কর্মী শ্রীকান্ত রক্ষিতের হত্যার ঘটনা এখনও তার মনে গভীর দাগ ফেলে। এসব ঘটনার স্মৃতি তাকে আজও কষ্ট দেয়। সেসব স্মৃতি বুকে উথলে উঠলে জীবনসায়াহ্নে কাটানো একাকী প্রহরগুলো গভীর বিষণ্নতা ও হাহাকারে আচ্ছন্ন হয়ে উঠে।

রেকর্ডস’-এর পথচলার এক নিবেদিতপ্রাণ সহযোদ্ধা ছিলেন প্রয়াত জসিম; যার অকাল মৃত্যু আজও কাঁদায় মোস্তাফিজুর রহমানকে

বেঁচে থাকুক ‘রেকর্ডস’-এর লিগ্যাসি

স্থাপত্যের বিনাশ ঘটেছে, নামফলক মুছে গেছে কালের ধূলিতে কিন্তু মানুষের হৃদয়ে প্রোথিত যে অনুভূতির বীজ, তা তো চিরঞ্জীব, যা মোছা কঠিন। তাই আশির দশকের তরুণ প্রজন্মের মনে অবিনশ্বর ধ্রুব তারা হয়ে থাকা পুরোনো রেকর্ডসকে নতুন রূপে-আঙ্গিকে ফেরানোর কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে মোস্তাফিজ জানান, তিনি এখনও একটি ‘রেকর্ডস আর্কাইভ’ প্রতিষ্ঠার স্বপ্ন মনের অন্তরালে ধারণ করে চলছেন।

বিশ্বাস করেন, আধুনিক ডিজিটাল যুগের মধ্যেও যদি একটি সঙ্গীত ক্লাবের মতো স্থান তৈরি করা সম্ভব হয়, যেখানে মানুষ শুদ্ধ ও উচ্চ মানের গান উপভোগ করতে পারে, সংগীতপ্রেমীরা নিশ্চয়ই সেখানে জমায়েত হবে। মেহেদীবাগের ৫০১/এ হোল্ডিংয়ে আজ আর ‘রেকর্ডস’-এর সাইনবোর্ড নেই, কিন্তু আশির এবং নব্বইয়ের দশকের পুরো এক প্রজন্মের হৃদয়ে এখনও জেগে আছে মোস্তাফিজুর রহমানের সেই টিডিকে ক্যাসেটের সুর।