হৃদরোগ শনাক্ত হওয়ার পর একজন রোগী ও তাঁর পরিবারের সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটি এসে দাঁড়ায় তা হলো—আসলেই কি হার্টে রিং (স্টেন্ট) পরানোর প্রয়োজন আছে? আর যদি পরাতেই হয়, তবে সেটি রক্তনালির ভেতরে একদম নিখুঁতভাবে বসবে তো? অনেক সময় দেখা যায়, কেবল এই সংশয় ও উন্নত প্রযুক্তির অভাবে চট্টগ্রামের অসংখ্য মানুষ জটিল হৃদরোগের চিকিৎসার জন্য রাজধানী কিংবা দেশের বাইরে পাড়ি জমান।
চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের এই শঙ্কা ও ভোগান্তির অবসান ঘটাতে এবং হৃদরোগ চিকিৎসায় শতভাগ নির্ভুলতা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে পার্কভিউ হাসপাতাল লিমিটেড। এর মধ্যদিয়ে গত ৭ নভেম্বর চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতে যোগ হলো এক নতুন মাইলফলক। জটিল করোনারি এনজিওপ্লাস্টির সক্ষমতা আরও সম্প্রসারণের লক্ষ্যে পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠান Boston Scientific-এর তৈরি অত্যাধুনিক AVVIGO™+ HD IVUS (Intravascular Ultrasound) এবং FFR (Fractional Flow Reserve) প্রযুক্তি।
আশাজাগানিয়া বিষয় হলো, সর্বাধুনিক এই প্রযুক্তির সংযোজন পুরো চট্টগ্রামে এটিই প্রথম এবং বাংলাদেশে দ্বিতীয়। ফিতা কেটে এই নতুন প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম।
কেন এই প্রযুক্তি হৃদরোগীদের জন্য আশীর্বাদ?
সাধারণ এনজিওগ্রামে রক্তনালির কেবল বাইরের ছায়া বা দ্বিমাত্রিক চিত্র দেখা যায়। কিন্তু IVUS বা Intravascular Ultrasound হলো এমন এক আধুনিক ইমেজিং প্রযুক্তি, যা রক্তনালির ভেতরের অবস্থা সরাসরি ও নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারে। এর মাধ্যমে করোনারি ধমনির অভ্যন্তরীণ গঠন, রক্তনালির দেয়াল, ব্লকের সঠিক অবস্থান ও প্রকৃতি এবং রক্তনালি কতটুকু সংকুচিত হয়েছে; তার বিস্তারিত ও স্পষ্ট চিত্র পাওয়া যায়।
বিশেষ করে হার্টে রিং স্থাপনের (PCI) সময় রিংয়ের প্রকৃত প্রয়োজনীয়তা আছে কি না, তা নির্ধারণের পাশাপাশি রিংয়ের সঠিক অবস্থান, প্রসারণ এবং রক্তনালির দেয়ালের সঙ্গে রিংটি যথাযথভাবে যুক্ত হয়েছে কি না—তা মূল্যায়নে IVUS ও FFR যুগান্তকারী ভূমিকা রাখে। ফলে রক্তনালির জটিল প্রসিডিউরের সময় হৃদরোগ বিশেষজ্ঞরা সহজে ও নির্ভুলভাবে সিদ্ধান্ত নিতে পারেন।
ইতোমধ্যে মিলেছে সাফল্য
কেবল উদ্বোধনই নয়, পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে ইতোমধ্যে এই IVUS প্রযুক্তির সহায়তায় Left Main Coronary Artery Disease এবং LCX Bifurcation Lesion-এর মতো অত্যন্ত জটিল করোনারি ইন্টারভেনশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এ প্রসঙ্গে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ বলেন, IVUS ও FFR প্রযুক্তির সমন্বিত সুবিধা চালুর ফলে রোগীর করোনারি ধমনির ব্লকের গঠনগত ও কার্যকরী মূল্যায়ন আরও উন্নতভাবে করার সুযোগ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী স্টেন্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ, জটিল এনজিওপ্লাস্টির পরিকল্পনা এবং স্টেন্ট অপ্টিমাইজেশন আরও বিজ্ঞানসম্মতভাবে করা সম্ভব হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও পার্কভিউ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ.ই.ন.ম. জাহাঙ্গীর সেলিম জানান, IVUS প্রযুক্তির সংযোজনের ফলে ক্যাথল্যাবে হৃদরোগের বিভিন্ন জটিল ইন্টারভেনশনে চিকিৎসকদের আরও বিস্তারিত তথ্য বিশ্লেষণ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে। এতে ইন্টারভেনশনাল কার্ডিওলজি হবে আরও নিখুঁত ও নির্ভুল। ভবিষ্যতেও রোগীদের কল্যাণ, চিকিৎসার গুণগত মান এবং সেবার উৎকর্ষ বৃদ্ধিতে পার্কভিউ হাসপাতালের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বিদেশের নির্ভরতা কমাতে অঙ্গীকারবদ্ধ কর্তৃপক্ষ
উন্নত হৃদরোগ চিকিৎসার জন্য দেশের মানুষের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে চায় পার্কভিউ হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম বলেন, রোগীদের জন্য আধুনিক, মানসম্মত ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই পার্কভিউ হাসপাতালের অন্যতম প্রধান লক্ষ্য। চট্টগ্রামে প্রথম এবং বাংলাদেশে দ্বিতীয় হিসেবে AVVIGO™+ HD IVUS প্রযুক্তির সংযোজন আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
আমরা চাই, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যেন উন্নত হৃদরোগ চিকিৎসার জন্য দেশের বাইরে না গিয়ে দেশেই উন্নত চিকিৎসা পান। রোগীদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে পার্কভিউ হাসপাতাল ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও উন্নত চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণে কাজ করে যাবে।”
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনসালট্যান্ট ডা. মো. শওকত হোসেন, কমপ্লায়েন্স ডিরেক্টর সালাউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবির, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, ডায়ালাইসিস কনসালট্যান্ট ডা. আরিফুল ইসলাম, আরএমও ডা. রাশেদা কানম মিলি এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, IVUS ও FFR প্রযুক্তির এই নতুন সংযোজন কেবল পার্কভিউ হাসপাতালের প্রযুক্তিগত সক্ষমতার অগ্রগতিই নয় বরং পুরো চট্টগ্রাম অঞ্চলের হৃদরোগ চিকিৎসাসেবাকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। উন্নত চিকিৎসাসেবা প্রদানের অঙ্গীকারে এটি পার্কভিউ হাসপাতালের আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
মা/আ





