সোমবার – ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার – ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কার্বন’ কমাতে সবুজ পরিবহনে ঝুঁকছে বাংলাদেশ

নতুন বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল (৩ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিবৃতি অনুযায়ী, রোববার (৩ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থী পরিবহন ব্যতীত অন্যান্য খাতে ব্যবহারের জন্য ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট বৈদ্যুতিক বাসের ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ বজায় রেখে প্রজ্ঞাপন জারি করা হবে।

একই সঙ্গে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এসব আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি বা সিডি, রেগুলেটরি ডিউটি বা আরডি, সাপ্লিমেন্টারি ডিউটি বা এসডি, অ্যাডভান্স ট্যাক্স বা এটি এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা এআইটি থেকে অব্যাহতি দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। এই সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত—অর্থাৎ বর্তমান ২০২৫-২৬ অর্থবছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদ্যুতিক বাস শুল্কমুক্ত আমদানির সুযোগ দেওয়ার আগের একটি সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পাঁচ টন বা তার বেশি ক্ষমতাসম্পন্ন ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের প্রজ্ঞাপন জারি করা হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই উদ্যোগের প্রস্তাব করেছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।