জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার কিংবা এর আদর্শ বিকৃত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন। এছাড়া বোর্ডের বিভিন্ন শাখার প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায়, গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। এই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ধারণ করতে হবে।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কেউ কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। আবার কেউ জুলাইয়ের চেতনার পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে গণঅভ্যুত্থানের প্রকৃত আদর্শকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছেন। শহীদদের আত্মত্যাগকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা বিভ্রান্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
চেয়ারম্যান আরও বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি বা অসদাচরণের কোনো স্থান নেই। তিনি বোর্ডে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা ও সেবার মান নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
আলোচনা সভায় বোর্ডের উপ-পরিচালক অধ্যাপক বলেন, অনেকেই জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ বলে মন্তব্য করেন। কিন্তু বাস্তবে এটি কোনোভাবেই ব্যর্থ নয়। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রেরণা পেয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মন্নান বলেন, ‘জুলাই আমাদের বিশাল আবেগের জায়গা এই চেতনাকে ধারণ করে কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’
সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম জুলাইয়ের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।







