– – 

– – 

পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মুহাম্মদ শাহেদ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি। এই অপতৎপরতা রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে যুবদলের নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চান্দগাঁও থানা যুবদলের উদ্যোগে আয়োজিত সমসাময়িক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সাংগঠনিক সমৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় যুবসমাজের দায়িত্ব অনেক বেশি উল্লেখ করে মুহাম্মদ শাহেদ বলেন, দেশ ও মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ, মানবিক কর্মকাণ্ড এবং গণমানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।
সংগঠনের শৃঙ্খলা ও ঐক্যের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “ব্যক্তিস্বার্থ বা পদ-পদবির প্রতিযোগিতা নয়, বরং সংগঠনের স্বার্থই হবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা সতর্ক থাকতে হবে।”
চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোরশেদ কামালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন।
এ সময় আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমেদ মানিক, কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহ-সম্পাদক শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, সাইদুল ইসলাম, সদস্য জাহেরি মাসুদ, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আকতার হোসেন, আবু বক্কর বাবু, মোহাম্মদ ইস্কান্দার, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মঈন উদ্দিন, খোরশেদ আলম রুবেল, আলী আজম মাসুম, ইউসুফ আলী লিটন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নুরনবী ও ছাবের আহমেদ প্রমুখ।