শুক্রবার – ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ –  ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার – ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ –  ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হবে: ইমরান এমি

সিজেকেএস সাঁতার কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান এমি বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন আমেজ সৃষ্টি করেছে ‘নতুন কুড়ি স্পোর্টস’। সারাদেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মেধাবী খেলোয়াড়রা জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে।

বুধবার (১০ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া মোহনা বাজার মাঠে আয়োজিত গোবাদিয়া প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমরান এমি বলেন, ক্রীড়ার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। খেলাধুলার প্রসার ঘটলে দেশ এগিয়ে যাবে এবং তরুণ প্রজন্ম ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে।

ফাইনাল খেলায় নির্ধারিত সময় শেষে ফলাফল অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে কর্ণফুলী ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মেঘনা ফুটবল একাদশ।

ক্রীড়া সংগঠক আব্দুল মুহিত চৌধুরী শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হুমায়ুন কবির শাহ্ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদ হৃদয় এবং সাংবাদিক আরাফাত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টসেরা ও ম্যাচসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।