স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জুয়েল রানা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত কিংবা সরকারের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬-এর ৪(৩) উপধারা মোতাবেক তিনি চসিক মেয়রের সমমর্যাদায় পূর্ণ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিধি মোতাবেক নির্ধারিত মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিল ও কারচুপির অভিযোগে মামলা করেছিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর, একই বছরের ১ অক্টোবর নির্বাচনি ট্রাইব্যুনাল ডা. শাহাদাতকে বিজয়ী মেয়র হিসেবে ঘোষণা করে রায় প্রদান করেন।





