শুক্রবার – ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার – ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ –  ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সমাজকর্মী এনামুল হকের জীবনাবসান—শোকের ছায়া

ফটিকছড়ির সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, হক ফুডস্ প্রোডাক্টের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী মুহাম্মদ এনামুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

মরহুম মুহাম্মদ এনামুল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল গ্রামের দায়েম উল্লাহ চৌধুরী বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি প্রয়াত মুহাম্মদ সিরাজুল হকের দ্বিতীয় সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা বুধবার (২৫ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে নগরীর শান্তিধারা আবাসিক এলাকার গৃহায়ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে একই দিন দুপুর ২টায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ সুয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে নিজ গ্রামে দায়েম উল্লাহ চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য এলাকায় সুপরিচিত এনামুল হকের মৃত্যুতে ফটিকছড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও শিক্ষাঙ্গনের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।

শোক প্রকাশ করেছেন—শান্তিধারা আবাসিক এলাকা, হাসান সিরাজ ভবন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন, দায়েম উল্লাহ চৌধুরী সমাজকল্যাণ পরিষদ, গাউছিয়া হোছাইনিয়া আবদুল মালেক শাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের বন্ধুরা।

এদিকে মরহুমের পরিবার ও স্বজনরা তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।