সোমবার – ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার – ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ –  ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহালছড়ির পাহাড়ে পোর্ট সিটি রোটারি ক্লাবের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি।

বৃহস্পতিবার (৭ মে ) সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ও বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন।

এতে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক,মহালছড়ি জোনের মেডিকেল অফিসারের নেতৃত্বে রোগীদের চিকিৎসার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকও সাধারণ রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা প্রায় সহস্রাধিক পাহাড়ি ও বাঙালিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চোখের ওষুধপত্র, ১৬০ জনকে চশমা বিতরণ ও ক্যাম্প থেকে ১৭৪ জন ছানি রোগী বাছাই করে লায়ন্স চক্ষু হাসপাতালে মহালছড়ি জোনের সহযোগিতার মাধ্যমে  আগামী জুন মাসে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের  ব্যবস্থাপনায়  বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য উদ্যোগ নেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।  দুর্গম এলাকায় বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ বাড়াতে নিয়মিত এ ধরনের ক্যাম্প পরিচালনা করা হয়, বিশেষ করে চক্ষু চিকিৎসায় ঘাটতি পূরণে এ আয়োজনের মূল লক্ষ্য।

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন, মেজর মিনহাজুল আবেদীন, আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজীদ,মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য রোটারিয়ান কুমার সুইচিং প্রু সাইন, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শাহরিন ও লায়ন্স চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফারা লাজিম ইজমা, সহকারী সার্জন ডা. নুসরাত সুলতানা, ক্যাম্প কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন, অপ্টোমেট্রিস্ট মিসেস সানজিদা ও কাজী অনন রিদাত, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নাইমা, মো. জাহাঙ্গীর ও শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাশ প্রমুখ।