চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ডেঙ্গুর বিস্তার রোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল (আগ্রাবাদ)-এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দীপ্তি।
তিনি বলেন, শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। নিজের ঘর, নিজের আঙিনা ও নিজের এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে আমরা ডেঙ্গুমুক্ত দেশ গড়তে পারব।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, একটি পরিচ্ছন্ন বাড়ি, পরিচ্ছন্ন মহল্লা এবং সচেতন নাগরিক সমাজই ডেঙ্গুর ঝুঁকি কমাতে পারে। সবাইকে জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ার কিংবা যেকোনো স্থানে পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে।
শাহেদ সপ্তাহে অন্তত একদিন বাড়ির আশপাশ পরিষ্কার করে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান। একই সঙ্গে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে জনগণের পাশে দাঁড়ানোর যে নতুন রাজনৈতিক দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৈরি হয়েছে, মহানগর যুবদল তা পালনে অঙ্গীকারবদ্ধ। বিএনপির রাজনীতি জনমানুষের জন্য, বিএনপি জনগণের দল।’
কর্মসূচিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সামনে নগর যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় নগর যুবদলের নেতাকর্মীরা নালা-নর্দমায় ব্লিচিং পাউডার ছিটান এবং আগ্রাবাদ এলাকার বিভিন্ন সড়কের পাশে জমে থাকা পানিতেও ব্লিচিং পাউডার প্রয়োগ করেন।
এ ছাড়া মশক নিধনকর্মীরা ফগার মেশিনের মাধ্যমে ২৭ নম্বর ওয়ার্ডের সিজিএস কলোনি, আগ্রাবাদ সিডিএ, নালাপাড়া, মহিলা কলেজ ও আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমন, এম গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম খাঁন, সেলিম উদ্দিন রাসেল ও তানভীর মল্লিক, সহসাধারণ সম্পাদক ওসমান গনি সিকদার, ধর্মবিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, সহসম্পাদক আতিকুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, বেলাল উদ্দিন, আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম মানিক ও মিফতাহ উদ্দিন সিকদার টিটুসহ নগর, থানা ও সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীরা।






