– – 

– – 

‘জনকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই রাজনীতির আসল ব্রত’: দীপ্তি-শাহেদ

রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ঐতিহাসিক বিপ্লব উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবদল।
সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, “আজ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই গৌরবময় দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুবদলের সকল শহীদ নেতাকর্মীদের।”
তিনি আরও বলেন, “যুবদলের ৪৮ বছরের পথচলা কেবল একটি সংগঠনের ইতিহাস নয়; এটি তারুণ্যের প্রত্যয়, সাংগঠনিক ঐক্য ও দেশপ্রেমের প্রতীক। যুবসমাজের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের দক্ষতা বিকাশে যুবদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, “রাজনীতি শুধু স্লোগান কিংবা মিছিলে সীমাবদ্ধ নয়; এর মূল উদ্দেশ্য মানুষের অধিকার রক্ষা ও জনসেবা। দেশপ্রেম, ঐক্য, সততা ও জনকল্যাণের আদর্শে উজ্জীবিত হয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে যুবদল অঙ্গীকারবদ্ধ।”
পুষ্পার্ঘ্য অর্পণকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি ফজলুল হক সুমন, নাসির উদ্দীন চৌধুরী নাসিম, মোহাম্মদ আলী সাকী; যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল; সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, রাজন খাঁন, তানভীর মল্লিক, জমির উদ্দিন আহমেদ মানিক, মহিউদ্দিন মুকুল; সহ-সম্পাদক আতিকুর রহমান, মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, মোহাম্মদ ইদ্রিস; সদস্য প্রফেসর সাইদুল হক শিকদার; থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সদস্য সচিব মোহাম্মদ হাসান, জাবেদ হোসেনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।