এআই নিয়ে কথা উঠলেই একটি প্রশ্ন আসে, “আমার চাকরিটা থাকবে তো?” প্রশ্নটি স্বাভাবিক। যে কাজ শিখতে আমরা বছরের পর বছর সময় দিয়েছি, তার কিছু অংশ একটি প্রযুক্তি কয়েক মুহূর্তে করে ফেলছে। একটু দুশ্চিন্তা তো হবেই! বিশেষ করে যারা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন, তাদের মনে হতে পারে, কাজ শুরু করার আগেই বুঝি সুযোগ কমে যাচ্ছে।
তবে এআইকে নিয়ে ভয় পাওয়ার আগে বুঝতে হবে, এটি কী করতে পারে এবং কোথায় আমাদের প্রয়োজন আছে। ধরুন, এআই আপনাকে একটি সুন্দর ইমেইল লিখে দিল। কিন্তু কাকে পাঠাবেন, কোন কথাটি বলা ঠিক হবে, কোন কথায় সম্পর্ক খারাপ হতে পারে—এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
একটি প্রতিবেদন তৈরি করে দিলেও তথ্য ঠিক আছে কি না, প্রতিষ্ঠানের কাজে লাগবে কি না, তা দেখার দায়িত্ব আপনার। এআই আমাদের অনেক কাজে সাহায্য করতে পারে। সেই সাহায্য বুঝে ব্যবহার করার দক্ষতা আমাদের তৈরি করতে হবে।

চাকরি বদলাবে, আমাদেরও শিখতে হবে
এআইয়ের কারণে কোনো কাজের ওপরই প্রভাব পড়বে না, এমন কথা বলা ঠিক হবে না। কিছু কাজ কমতে পারে, কিছু দায়িত্ব বদলাতে পারে। আবার নতুন কাজের সুযোগও তৈরি হতে পারে। সবার অভিজ্ঞতা এক রকম হবে না।
তাই “কিছুই হবে না” ভেবে বসে থাকা যেমন ঠিক নয়, তেমনি “সব শেষ” ভেবে ভয় পাওয়ারও প্রয়োজন নেই। নিজের কাজের কোন অংশে এআই সাহায্য করতে পারে, সেটি খুঁজে দেখা দিয়ে শুরু করা যায়।
আমাদের অনেকেই একসময় কম্পিউটার, ইমেইল বা অনলাইন মিটিং ব্যবহার করতে অস্বস্তি বোধ করতাম। নিয়মিত ব্যবহার করতে করতেই সেগুলো পরিচিত হয়েছে। এআই শেখার শুরুটাও হতে পারে ছোট ছোট চেষ্টা দিয়ে।
এ বিষয়ে লেখকের আগের কলামটি পড়ুন: জয়ার চোখে আগামীর কর্মজগৎ
কোথা থেকে শুরু করবেন?
প্রথমেই কোনো কঠিন কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। প্রতিদিনের একটি সহজ কাজ বেছে নিন। একটি ইমেইল গুছিয়ে লিখতে বলুন। কোনো কঠিন বিষয় সহজ করে বুঝিয়ে দিতে বলুন। চাকরির সাক্ষাৎকারের জন্য প্রশ্ন করতে বলুন। তারপর উত্তরটি পড়ে দেখুন। কী ভালো হয়েছে, কী ভুল হয়েছে, কোথায় নিজের কথা যোগ করা দরকার—সেটি ভাবুন।
ধরুন, আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। এআইকে বলতে পারেন, “আমি মানবসম্পদ বিভাগে একটি নতুন চাকরির সাক্ষাৎকার দেব। তুমি আমাকে একটি করে প্রশ্ন করো। আমার উত্তর শুনে বলো, কীভাবে আরও ভালো উত্তর দিতে পারি।”
এভাবে ব্যবহার করলে অনুশীলনের সুযোগ পাবেন। তবে নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার বাইরে কিছু বলা যাবে না। সুন্দর উত্তর দেওয়ার চেয়ে সৎ ও পরিষ্কার উত্তর দেওয়া বেশি জরুরি।
নিজের চাহিদা পরিষ্কার করে বলতে হবে
আমরা অনেক সময় এআইকে খুব ছোট একটি নির্দেশ দিই, তারপর মনমতো উত্তর না পেলে বিরক্ত হই। অথচ একজন নতুন সহকর্মীকে কাজ বুঝিয়ে দেওয়ার সময়ও তো কিছু কথা বলতে হয়!
“একটি বক্তব্য লিখে দাও”—এটুকু বললে যে উত্তর আসবে, তা হয়তো আপনার প্রয়োজনের সঙ্গে মিলবে না। বরং বলুন, বক্তব্যটি কার জন্য, কী বিষয়ে, কত মিনিটের এবং ভাষা কেমন হবে।
যেমন: “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাকরির প্রস্তুতি নিয়ে তিন মিনিটের একটি বক্তব্য লিখে দাও। সহজ বাংলা ব্যবহার করো এবং একটি পরিচিত উদাহরণ রাখো।”প্রথম উত্তর ভালো না হলে আরও নির্দেশ দিন। বলুন, “এটি একটু ছোট করো”, “এই অংশটি বুঝতে পারছি না” বা “আরও বাস্তব উদাহরণ দাও।” প্রশ্ন করতে করতেই শেখা হবে।
এআইয়ের সব কথা বিশ্বাস করবেন না
এআই খুব সুন্দর করে ভুল কথাও লিখতে পারে। তাই লেখার ভাষা দেখে মুগ্ধ হয়ে সব তথ্য ব্যবহার করা যাবে না। কোনো সংখ্যা, গবেষণা, আইন বা উদ্ধৃতি দিলে মূল উৎস দেখে নিতে হবে। বিশেষ করে যে তথ্যের ওপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করবে, সেটি যাচাই করা জরুরি।
নিজের বা অফিসের গোপন তথ্যও না বুঝে দেওয়া যাবে না। কর্মীর বেতন, ব্যক্তিগত তথ্য, গ্রাহকের তথ্য কিংবা গোপন নথি ব্যবহারের আগে অফিসের নিয়ম জানতে হবে। শেখার জন্য কাল্পনিক তথ্য দিয়েও অনুশীলন করা যায়।
তরুণদের বলব, শেখার কাজটি এআইকে দিয়ে দেবেন না
এআই দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করা সহজ হতে পারে। কিন্তু শিক্ষক যদি প্রশ্ন করেন, “এই কথাটির মানে কী?” তখন উত্তর দিতে পারবেন তো? এখানেই নিজের শেখার গুরুত্ব।এআইকে বলুন বিষয়টি বুঝিয়ে দিতে, উদাহরণ দিতে, আপনার ভুল ধরতে। তারপর নিজের ভাষায় লিখুন। যে বিষয়টি বুঝতে পারেননি, সেটি আবার জিজ্ঞেস করুন।
একই সঙ্গে নিজের বিষয়ের জ্ঞান বাড়াতে হবে। হিসাব না বুঝলে এআইয়ের হিসাবের ভুল ধরা কঠিন। মানবসম্পদের কাজ না বুঝলে তার তৈরি নীতিমালার দুর্বলতা বোঝাও কঠিন। এআই ব্যবহার শেখার পাশাপাশি নিজের পেশার ভিত্তিটিও শক্ত করতে হবে।
মানুষের কথা মন দিয়ে শোনা, পরিষ্কারভাবে কথা বলা, সময়মতো কাজ শেষ করা এবং দলের সঙ্গে কাজ করার অভ্যাসও গড়ে তুলতে হবে। কর্মজীবনে এসবের প্রয়োজন প্রতিদিনই হয়।
অফিসকেও পাশে দাঁড়াতে হবে
কর্মীদের শুধু “এআই শিখুন” বললে হবে না। কোথায় ব্যবহার করবেন, কোন তথ্য দেওয়া যাবে এবং ভুল হলে কীভাবে ঠিক করবেন—এসব বুঝিয়ে দিতে হবে। অনুশীলনের সময় ও সুযোগও দিতে হবে।
কর্মীরা যেন প্রশ্ন করতে লজ্জা না পান, সেটিও জরুরি। সবাই একই গতিতে শিখবেন না। কেউ দ্রুত বুঝবেন, কারও একটু বেশি সময় লাগবে। ধৈর্য ধরে শেখার পরিবেশ তৈরি করা নেতৃত্বের দায়িত্ব।
এআইকে আয়ত্তে আনার শুরু খুব বড় কিছু দিয়ে করতে হবে না। আজ একটি ছোট কাজ বেছে নিন। সাহায্য নিন, ফলাফল দেখুন, ভুল ধরুন, আবার চেষ্টা করুন। কয়েক দিনের ব্যবহারেই নিজের প্রয়োজন সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন।
এআই নিয়ে দুশ্চিন্তা থাকতেই পারে। সেই দুশ্চিন্তার মাঝেও শেখা শুরু করা যায়। প্রথম দিনেই বিশেষজ্ঞ হতে হবে না—শুরু করার ইচ্ছাটুকু থাকলেই এগোনোর পথ পাওয়া যাবে।
লেখক: চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার, ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (ব্র্যাক আইটি)





