– 

– 

রাঙ্গুনিয়ায় গভীর রাতে আগুণ, পুড়ে ছাই ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া কমলাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

bKash

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মোহাম্মদ কালু সওদাগর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দুটি মুদির দোকান, একটি চায়ের দোকান, মোরশেদের মালিকানাধীন একটি রাইস মিল এবং একটি সেলুন পুড়ে যায়। এসব প্রতিষ্ঠানের মালামালও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, রাত ১১টার দিকে হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। চোখের পলকে ব্যবসায়ীদের সব শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও দূরত্ব বেশি থাকায় তারা পৌঁছাতে পারেনি। ততক্ষণে চোখের সামনেই সব পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার সরেজমিন দেখা যায়, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। দীর্ঘদিনের কষ্টার্জিত সম্বল ও ব্যবসার মালামাল হারিয়ে তারা এখন অসহায় অবস্থায় রয়েছেন।

অগ্নিকাণ্ডের পর দক্ষিণ রাঙ্গুনিয়ায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।