চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কৃষক দলের নিজস্ব অর্থায়নে বন্যাকবলিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার এওচিয়া ইউনিয়নের স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত এ সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ হাফেজ আহমেদের সভাপতিত্বে এবং মুহাম্মদ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান ও জামাল হোসেন, কৃষক দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, “কৃষক দল সবসময় মেহনতি মানুষ ও কৃষকদের পাশে ছিল এবং আছে। কোনো সরকারি অনুদান ছাড়াই উপজেলা কৃষক দলের নেতারা নিজেদের অর্থায়নে যে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের পরিবেশ রক্ষা এবং দুস্থ মানুষের সেবায় রাজনীতিকে কাজে লাগানোর এটি একটি উৎকৃষ্ট উদাহরণ।”
সভাপতির বক্তব্যে আলহাজ হাফেজ আহমেদ বলেন, সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ বাড়ানোর লক্ষ্যেই দলের নেতাকর্মীদের যৌথ অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বন্যাকবলিত দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দল এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







