প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কেএম লাবিব। তার এই অর্জনে পরিবার, বিদ্যালয় এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
রোববার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ফলাফলে লাবিবের এই মেধার স্বাক্ষর উজ্জ্বল হয়ে উঠেছে। বিদ্যালয়ের শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, লাবিবের অধ্যবসায় ও মেধা ভবিষ্যতেও তাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে।
শিক্ষার্থী কেএম লাবিব ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার নারায়নপুর বাসিন্দা মো. আব্দুল কাদির ও ফারহানা আফরিন দম্পতির সন্তান। লাবিবের বাবা বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর পুলিশ বেতার কন্ট্রোল রুমের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। মা ফারহানা আফরিন একজন গৃহিণী। সন্তানের এই চমৎকার ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
লাবিবের ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা জানিয়ে তার বাবা মো. আব্দুল কাদির বলেন, লাবিবের প্রথম লক্ষ্য ক্যাডেট কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করা। এরপর উচ্চশিক্ষায় মেডিকেল সায়েন্সকে বেছে নিয়ে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশের সেবা এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।
মেধাবী এ শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত কামনায় তার পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।







