জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও ক্রীড়াব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী শাহেদকে চেয়ারম্যান পদে মনোনয়নের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেকেএর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক ও ক্রীড়াব্যক্তিত্ব তানভীর মল্লিক।

অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় রতন তালুকদার তাঁর গলায় জেকেএর টাই পরিয়ে দেন এবং তুলুশ শামস তাঁকে ব্যাজ পরিয়ে দেন। সভায় নবনিযুক্ত চেয়ারম্যান শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম রিজিয়নের নতুন কমিটি ঘোষণা করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ ক্যারাটের খেলোয়াড়েরা।





