বাংলাদেশের জন্য চীন বা ভারতকে অন্ধভাবে অনুকরণ করার কোনো প্রয়োজন নেই। তবে এই দেশগুলো সম্প্রতি যে নতুন পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে, তা এড়িয়ে যাওয়ার সুযোগও আমাদের নেই। বিষয়টি হলো, একজন গবেষকের পিএইচডি ডিগ্রি কেবল তিনি কী লিখতে পারেন তার ওপর ভিত্তি করে নয় বরং তিনি বাস্তবে কী তৈরি বা উদ্ভাবন করতে পারেন তার ভিত্তিতেও মূল্যায়ন করা। যে দেশ তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ০.৩০ শতাংশ গবেষণা ও উন্নয়নে (R&D) ব্যয় করে, সেখানে আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত—আমাদের পিএইচডি গবেষণাগুলো কি চারপাশের বাস্তব সমস্যাগুলোর যথেষ্ট সমাধান দিতে পারছে, নাকি মূল্যবান সব গবেষণা শেষ পর্যন্ত লাইব্রেরির তাকেই পড়ে থাকছে?
চীন ইতিমধ্যে ভিন্ন এক পথে হাঁটতে শুরু করেছে। ২০২৫ সালের জানুয়ারিতে কার্যকর হওয়া দেশটির সংশোধিত ‘ডিগ্রি আইন’-এর আওতায় উপযুক্ত বিষয়ের পিএইচডি শিক্ষার্থীরা প্রথাগত লিখিত থিসিসের বদলে একটি ‘ব্যবহারিক অর্জন’ (Practice Achievement); যেমন কোনো প্রোটোটাইপ (নমুনা মডেল), নতুন কোনো কৌশল বা কার্যকর কোনো সিস্টেম জমা দিতে পারেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের গবেষক ঝেং হেহুই সেতুর পিলার বা স্তম্ভকে ধরে রাখতে পারে এমন এক সেট স্টিল ব্লক তৈরি করে তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ২০২৬ সালের মে মাসে নানজিং বিশ্ববিদ্যালয় এই নিয়মের অধীনে তাদের প্রথম পিএইচডি ডিগ্রি দেয়।

এই পরীক্ষা-নিরীক্ষা এখনো ছোট পরিসরে আছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালে দেশটিতে প্রদানকৃত প্রায় ৯৭ হাজার পিএইচডির বিপরীতে মাত্র ৬৭ জন শিক্ষার্থী এই বিকল্প পথ বেছে নিয়েছেন। তবুও, ইতিমধ্যে অন্তত ৫৯টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ব্যবহারিক অর্জনকে স্বীকৃতি দিতে তাদের নিয়ম পরিবর্তন করেছে।
চীন এই পরীক্ষা চালাচ্ছে গবেষণার এক অত্যন্ত শক্তিশালী অবস্থান থেকে। ‘নেচার ইনডেক্স ২০২৬’-এ দেশগুলোর তালিকায় চীন প্রথম স্থান অধিকার করেছে, আর প্রাতিষ্ঠানিক র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়। এই সূচকটি মূলত নির্বাচিত কিছু জার্নালে প্রকাশিত নিবন্ধের সংখ্যা হিসাব করে, যা গবেষণার মান যাচাইয়ের একটি মাধ্যম মাত্র। তবুও এটি চীনের ক্রমবর্ধমান বৈজ্ঞানিক সক্ষমতাকেই তুলে ধরে।
ভারতও একই পথে এগোচ্ছে। ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, আইআইটি রোপার (IIT Ropar) ‘প্রোডাক্ট বা স্টার্টআপ-ড্রিভেন পিএইচডি’ চালু করেছে। এর মাধ্যমে গবেষকরা কোনো স্টার্টআপ, পেটেন্ট বা শিল্পখাতে লাইসেন্সকৃত প্রযুক্তির মাধ্যমে তাঁদের গবেষণার মূল্য প্রমাণ করতে পারেন। প্রতিষ্ঠানটি পিএইচডি শেষ করার পরও দুই বছর পর্যন্ত ইনকিউবেশন (ব্যবসা বা উদ্ভাবন দাঁড় করানোর প্রাথমিক) সহায়তা দেয়।
এগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ের উদ্যোগ, কোনো প্রতিষ্ঠিত মডেল নয় যা বাংলাদেশকে অন্ধভাবে অনুসরণ করতে হবে। তবে এগুলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে: ডক্টরেট ডিগ্রি কি সবসময় কেবল থিসিস এবং প্রকাশনার ভিত্তিতেই বিচার করতে হবে, নাকি শক্ত বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে তৈরি একটি কার্যকর সমাধানও পিএইচডি পর্যায়ের যোগ্যতা প্রমাণ করতে পারে?
আমাদের নিজস্ব পরিসংখ্যান কী বলছে?
আমি চট্টগ্রামে পরিবেশ বিজ্ঞান নিয়ে কাজ করি, যেখানে লবণাক্ততা, পানির মান এবং জলাবদ্ধতা প্রতিদিনের উদ্বেগের বিষয়। এগুলো কোনো তাত্ত্বিক গবেষণার বিষয় নয়; বরং কৃষক, পরিবার, শিল্পকারখানা এবং পুরো জনপদকে সরাসরি প্রভাবিত করে। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের পরিসংখ্যানের দিকে তাকালে প্রায়ই হতাশ হতে হয়।
২০২৪ সালে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ গবেষণায় ১০ হাজার ৪৮১ কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে কৃষিখাত পেয়েছে ৩ হাজার ৮৭৫ কোটি টাকা, অথচ শিল্পখাত পেয়েছে মাত্র ৩৩১ কোটি টাকা। গবেষণার জন্য কোম্পানিগুলো প্রায় কোনো কর ছাড় পায় না, এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে অর্থবহ সহযোগিতাও খুব কম।
২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) প্রকাশিত সর্বশেষ ‘গ্লোবাল ইনোভেশন ইনডেক্স’-এ ১৩৯টি অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৫তম, যা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে নিচে। এই তালিকায় নেপাল ১০৪তম, শ্রীলঙ্কা ৯৪তম, পাকিস্তান ৯৫তম, ভুটান ৭৪তম এবং ভারত ৩৮তম স্থানে রয়েছে। মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা চীনের অবস্থান ১০ম।
বাংলাদেশের সবচেয়ে দুর্বল অবস্থান ছিল মানবসম্পদ ও গবেষণা খাতে, যেখানে দেশটির অবস্থান ১২৭তম। নলেজ হাব ইনস্টিটিউটের খন্দকার গোলাম মোয়াজ্জেম ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-কে বলেন, দেশকে সবার আগে উদ্ভাবনের ভিত্তিগুলো—অর্থাৎ জ্ঞান, দক্ষ জনশক্তি, প্রতিষ্ঠান এবং প্রণোদনা শক্তিশালী করতে হবে।
পেটেন্টের পরিসংখ্যানও সমানভাবে উদ্বেগজনক
পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালে বাংলাদেশে ৪১২টি পেটেন্ট আবেদন জমা পড়েছে, যার মধ্যে বাংলাদেশি আবেদনকারী ছিলেন মাত্র ৭২ জন। সে বছর গৃহীত ১৮৫টি পেটেন্টের মধ্যে মাত্র ২৫টি পেয়েছেন স্থানীয় আবেদনকারীরা, বিপরীতে ১৬০টি পেয়েছেন বিদেশিরা।
২০১০ সালে যেখানে পেটেন্ট আবেদন ছিল ৩৪২টি, সেখানে দেড় দশকে আবেদন বেড়েছে মাত্র পাঁচ ভাগের এক ভাগ। ২০২৫ সালের এই সংখ্যা ২০২১ সালে জমা পড়া ৪৪৭টি আবেদনের চেয়েও কম। আমাদের মতো বিশাল জনসংখ্যার দেশের জন্য এই সংখ্যা খুবই সামান্য, বিশেষ করে ভারত ও চীনের পেটেন্ট কার্যক্রমের বিশালতার তুলনায়।
অন্যদিকে, একাডেমিক প্রকাশনা বাড়ছে অনেক দ্রুতগতিতে। ‘সায়েন্টিফিক বাংলাদেশ’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশি গবেষকরা স্কোপাস-ইনডেক্সড (Scopus-indexed) ১৮ হাজার ৬১৩টি নিবন্ধ প্রকাশ করেছেন, যা ২০২৪ সালের ১৫ হাজার ৪১৩টি প্রকাশনার তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।
বেশি গবেষণা প্রকাশিত হওয়া নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু যখন প্রকাশনা দ্রুত বাড়ছে অথচ পেটেন্ট কার্যক্রম প্রায় থমকে আছে, তখন আমাদের প্রশ্ন করতেই হবে—আমাদের গবেষণার কতটুকু প্রযুক্তিতে, পণ্যে বা বাস্তব সমাধানে রূপ নিচ্ছে? উদ্ভাবনের একমাত্র মাপকাঠি পেটেন্ট নয় ঠিকই, তবে এই বিশাল ব্যবধানটি গভীর মনোযোগ দাবি করে।
এর সাথে যুক্ত হয়েছে গবেষণার সততার প্রশ্ন
২০২৬ সালের আগস্টে ‘প্রথম আলো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত অন্তত ৩২৫টি গবেষণাপত্র বাতিল বা প্রত্যাহার (Retract) করা হয়েছে। এর কারণগুলোর মধ্যে ছিল ভুয়া পিয়ার রিভিউ, লেখা চুরি (প্লেজারিজম), অসংগতিপূর্ণ তথ্য এবং উদ্ধৃতি বা সাইটেশনে কারচুপি।
একাডেমিক সাফল্য যখন প্রকাশিত নিবন্ধের সংখ্যার ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, তখন যেকোনো উপায়ে নিবন্ধ প্রকাশের একটি প্রবণতা তৈরি হয়। প্রকাশনার চাপ কখনোই গবেষণার মান বা সততার চেয়ে বড় হয়ে ওঠা উচিত নয়। আমাদের এই ‘পাবলিশ অর পেরিশ’ (প্রকাশ করো, নয়তো হারিয়ে যাও) মানসিকতা প্রকৃত উদ্ভাবনকে ঝুঁকির মুখে ফেলছে। গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে বাস্তব সমাধান দেওয়ার পরিবর্তে একাডেমিক সমাজ এখন কেবল প্রকাশনার সংখ্যা গোনা আর ‘টপ ২ শতাংশ’ র্যাঙ্কিংয়ের মতো লোকদেখানো মাপকাঠির পেছনে ছুটছে।
এই সমস্যা কেবল বাংলাদেশের একার নয়
গত ২৮ অক্টোবর ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE) একদিনে রেকর্ডসংখ্যক ১ হাজার ৪১৭টি কনফারেন্স পেপার বাতিলের ঘোষণা দেয়। গবেষকরা দেখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার বিনিময়ে লেখক হিসেবে নাম বিক্রির সংঘবদ্ধ চক্র বা ‘পেপার মিল’-এর সাথে এগুলো জড়িত। এই অনুসন্ধানে ৫৬টি দেশের সাড়ে ৭ হাজারের বেশি গবেষকের সন্দেহজনক নিবন্ধের তথ্য উঠে এসেছে।
‘নেচার’-এর প্রতিবেদনের বরাত দিয়ে ‘দ্য প্রিন্ট’ জানিয়েছে, ‘ইন্ডিয়া রিসার্চ ওয়াচ’-এর অযাচাইকৃত তথ্য অনুযায়ী বাতিল হওয়া এই নিবন্ধগুলোর মধ্যে ১ হাজার ২৬৩টির সাথে ভারতীয় লেখকরা যুক্ত ছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সন্দেহজনক নিবন্ধের আধিক্য থাকা ১০৯টি কনফারেন্সের মধ্যে ৯৫টিই ভারতে অনুষ্ঠিত হয়েছিল। সংস্থাটির প্রতিষ্ঠাতা সতর্ক করেছেন যে, গবেষণা বাতিলের দিক থেকে ভারত প্রথমবারের মতো বিশ্বে শীর্ষে চলে আসতে পারে।
এই সংকটে বাংলাদেশ একা নয়, তবে আমাদের নিজস্ব রেকর্ড প্রমাণ করে যে আমরাও মোটেও নিরাপদ নই।
এদিকে, আমাদের স্নাতক পাস করা তরুণেরা চাকরি পেতে হিমশিম খাচ্ছেন। ২০২৬ সালের জুলাইয়ে ‘ঢাকা ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে বলা হয়, দেশে বেকার স্নাতকের সংখ্যা প্রায় ৯ লাখ ৬ হাজারে পৌঁছেছে, যা আগের বছর ছিল ৭ লাখ ৯৯ হাজার। নিয়োগকর্তাদের চাহিদার সাথে স্নাতকদের দক্ষতা কতটা মেলে—তা নিয়ে তৈরি ‘কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইনডেক্স ২০২৫’-এ ৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৭তম।
এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে না যে আমাদের একাডেমিক গবেষণা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তবে এগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যা তৈরি করছে এবং আমাদের সমাজ ও অর্থনীতির যা প্রয়োজন—তার মধ্যকার এক উদ্বেগজনক দূরত্বকে স্পষ্ট করে।
সরকারও এই ব্যবধানটি বুঝতে শুরু করেছে
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়গুলোকে পরীক্ষার নম্বর এবং প্রথাগত সনদের গণ্ডি পেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেবল গতানুগতিক চাকরির জন্য শিক্ষার্থী তৈরি না করে বরং মুক্তবুদ্ধির চর্চা, ব্যবহারিক গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার তাগিদ দেন।
তিনি বাস্তব জীবনে কম কাজে আসে এমন ডিগ্রির পরিবর্তে প্রযুক্তিনির্ভর অর্থনীতির সাথে শিক্ষার সমন্বয় ঘটানো, ব্যবহারিক দক্ষতা, কারিগরি জ্ঞান এবং মেধাভিত্তিক গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষ জনশক্তি অপরিহার্য।
উদ্বেগটি স্পষ্ট। এখন প্রয়োজন একে অর্থবহ সংস্কারে রূপ দেওয়া।
আমরা যদি সমস্যার সমাধানের নিরিখে পিএইচডি ডিগ্রির মূল্যায়ন শুরু করি, তবে আমাদের গবেষকদের কাজের কোনো অভাব হবে না।
বর্তমানে আমাদের একাডেমিক স্বীকৃতির বড় অংশই আবর্তিত হয় রিসার্চ পেপার, রিভিউ আর্টিকেল, মনোগ্রাফ, বইয়ের অধ্যায় এবং বই প্রকাশকে ঘিরে। এগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ অবদান, এবং কারোই এগুলোকে ছোট করে দেখা উচিত নয়। কিন্তু আমরা যদি প্রধানত লিখিত ফলাফলকেই পুরস্কৃত করি, তবে যেসব গবেষক তাঁদের জ্ঞানকে উদ্ভাবন, প্রযুক্তি এবং সমাধানে রূপ দিতে চান, তাঁদের কীভাবে উৎসাহিত করব?
লুই পাস্তুর এক্ষেত্রে একটি শক্তিশালী উদাহরণ
তাঁর বিজ্ঞানচর্চা ছিল অত্যন্ত কঠোর ও নিখুঁত, কিন্তু তিনি তা কেবল গবেষণাগারে আটকে রাখেননি। তিনি ফ্রান্সের ওয়াইন ও রেশম শিল্পে আঘাত হানা রোগগুলো নিয়ে অনুসন্ধান করেছেন, খাদ্য পচন নিয়ে গবেষণা করেছেন এবং তাপ দিয়ে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া উদ্ভাবন করেছেন, যা আজ তাঁর নামেই ‘পাস্তুরাইজেশন’ হিসেবে পরিচিত। তাঁর গবেষণার ফলেই অ্যানথ্রাক্স ও জলাতঙ্কের টিকা উদ্ভাবিত হয়েছে।
পাস্তুর বৈজ্ঞানিক জ্ঞানের অগ্রগতি এবং বাস্তব সমস্যার সমাধানের মধ্যে কোনো বিরোধ দেখেননি; তিনি দুটোই করেছেন।
বাংলাদেশের নিজস্ব উদাহরণ হিসেবে রয়েছেন ড. ফেরদৌসী কাদরী। তাঁর দশকব্যাপী গবেষণা কেবল বৈজ্ঞানিক প্রকাশনার গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। সাশ্রয়ী মূল্যের কলেরার টিকা উদ্ভাবনে অগ্রণী ভূমিকা এবং গণ-টিকাদান কর্মসূচিতে নেতৃত্বের মাধ্যমে তিনি শহরের বস্তি ও শরণার্থী শিবিরে বসবাসকারী অসহায় মানুষের দোরগোড়ায় জীবন রক্ষাকারী বিজ্ঞানকে পৌঁছে দিয়েছেন। তাঁর কাজ লাখো মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে।
এর অর্থ এই নয় যে প্রত্যেক বিজ্ঞানীকেই বাণিজ্যিক পণ্য তৈরি করতে হবে। বরং বৈজ্ঞানিক উৎকর্ষ এবং বাস্তব প্রভাব একে অপরকে শক্তিশালী করতে পারে। একটি পিএইচডি ডিগ্রি নতুন জ্ঞান সৃষ্টি করবে, তবে যেখানেই সম্ভব সেই জ্ঞান যেন মানুষের জীবনযাত্রায় কাজে লাগে তা নিশ্চিত করতে হবে।
উদ্ভাবন আমাদের সমাজেই রয়েছে
উদ্ভাবন কেবল গবেষণাগার বা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে সেখানেই শেষ হয় না। বাংলাদেশের গ্রাম, কৃষিজমি এবং ছোট ছোট কর্মশালায় বাস্তব সমস্যা সমাধানের দীর্ঘ ইতিহাস রয়েছে। অনেক মানুষ প্রথাগত বৈজ্ঞানিক প্রশিক্ষণ ছাড়াই সীমিত সম্পদ ব্যবহার করে বিস্ময়কর সব সৃজনশীল সমাধান তৈরি করেন।
আইআইএম আহমেদাবাদের অধ্যাপক অনিল কে. গুপ্ত—যিনি ‘হানি বি নেটওয়ার্ক’ ও ‘সৃষ্টি’ (SRISTI)-এর প্রতিষ্ঠাতা এবং ভারতের ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের সাবেক নির্বাহী ভাইস চেয়ারম্যান—কয়েক দশক আগেই বাংলাদেশের এই সৃজনশীলতাকে চিনতে পেরেছিলেন।
তিনি ১৯৮৫-৮৬ সালে বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে বলেছিলেন, বিজ্ঞানীরা কীভাবে দরিদ্র কৃষকদের মাঠে কাজ করতে পারেন এবং মানুষের নিজস্ব জ্ঞানের ওপর ভিত্তি করে প্রযুক্তি উদ্ভাবন করতে পারেন—সে বিষয়ে সরকার ও গবেষণা পরিষদকে পরামর্শ দিতে তিনি এসেছিলেন। সেই অভিজ্ঞতা তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল।
অধ্যাপক অনিল কে. গুপ্ত বলেছিলেন, “বাংলাদেশে আমি যে জ্ঞান ও সৃজনশীলতা দেখেছি, তাতে আমি দারুণভাবে অনুপ্রাণিত হয়েছিলাম; যে দেশে ৬০ শতাংশ মানুষ ভূমিহীন, কিন্তু সেখানে রয়েছে বিস্ময়কর সৃজনশীলতা।”অধ্যাপক গুপ্ত ব্যক্তিগতভাবে আমার জন্য এক বড় অনুপ্রেরণা, বিশেষ করে সাধারণ মানুষের জ্ঞানের প্রতি তাঁর শ্রদ্ধা এবং তৃণমূল পর্যায়ের উদ্ভাবনকে জনসমক্ষে নিয়ে আসার অঙ্গীকারের কারণে।
আমার কাছে যে বিষয়টি সবচেয়ে অর্থবহ মনে হয় তা হলো, তিনি নিজেই বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। পরবর্তীতে তিনি উন্নয়নশীল বিশ্বের সেই সব অখ্যাত উদ্ভাবকদের খুঁজে বের করতে বছরের পর বছর ব্যয় করেছেন, দারিদ্র্য বা সামাজিক অবস্থানের কারণে যাঁদের মেধা প্রায়ই উপেক্ষিত থাকে।
হানি বি নেটওয়ার্কের মাধ্যমে তিনি এ ধরনের উদ্ভাবনগুলো নথিভুক্ত ও প্রচার করেছেন। গ্রামীণ ভারতে তাঁর ‘শোধ যাত্রা’ (শেখা ও আবিষ্কারের ভ্রমণ) তাঁকে সরাসরি সেই সব জনগোষ্ঠীর কাছে নিয়ে গেছে, যেখানে মূল্যবান জ্ঞান প্রায়ই স্বীকৃতির বাইরে থেকে যায়। তাঁর বার্তাটি খুবই সহজ: “প্রান্তিক পর্যায়ের মানুষের মেধা কখনোই তুচ্ছ বা প্রান্তিক নয়।”
বাংলাদেশে ইতিমধ্যেই এই উদ্ভাবনী মনন রয়েছে। কেবল অভাব রয়েছে তাঁদের ব্যবহারিক জ্ঞানের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর একটি শক্তিশালী সংযোগের।
কল্পনা করুন, পিএইচডি গবেষকরা কৃষকের মাঠে, উপকূলীয় গ্রামে, কর্মশালায় এবং কলকারখানায় সময় কাটাচ্ছেন, স্থানীয় মানুষের সাথে মিলে সমস্যা চিহ্নিত করছেন এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সমাধান তৈরি করছেন। এই ধরনের কাজ পিএইচডির মান কমাবে না; বরং সঠিক তত্ত্বাবধান ও কঠোর মূল্যায়নের মাধ্যমে এটি ডক্টরেট গবেষণাকে সেই সব জনগোষ্ঠীর জন্য আরও প্রাসঙ্গিক করে তুলবে, যাঁদের সমর্থনে এই প্রতিষ্ঠানগুলো চলে।
বাংলাদেশ যেভাবে শুরু করতে পারে
আমি প্রকৌশল, কৃষি, পরিবেশ বিজ্ঞান এবং স্বাস্থ্য খাতে একটি ছোট পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করার পরামর্শ দেব। একজন পিএইচডি গবেষক সাশ্রয়ী মূল্যের আর্সেনিক বা লবণাক্ততা দূর করার ফিল্টার তৈরি করতে পারেন এবং উপকূলীয় গ্রামে তা পরীক্ষা করতে পারেন। আরেকজন লবণাক্ততা-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করে কৃষকদের তা চাষে সাহায্য করতে পারেন। অন্যরা হাওর অঞ্চলের উপযোগী পানি নিষ্কাশন ব্যবস্থা ডিজাইন করতে পারেন অথবা বাংলাদেশে সচরাচর দেখা যায় এমন কোনো রোগের ডায়াগনস্টিক কিট তৈরি করতে পারেন।
এক্ষেত্রে বিজ্ঞানের মান হতে হবে প্রথাগত পিএইচডির মতোই কঠোর ও নিখুঁত। পরিবর্তন আসবে কেবল পরীক্ষার জন্য উপস্থাপিত প্রমাণে: গবেষণার লিখিত বিবরণের পাশাপাশি একটি কার্যকর সমাধান এবং তা যে দাবি অনুযায়ী কাজ করে তার নির্ভরযোগ্য প্রমাণ। এটিকে রাতারাতি জাতীয় বাধ্যবাধকতায় পরিণত করা উচিত নয়। সুচিন্তিতভাবে নির্বাচিত কয়েকটি প্রোগ্রাম হতে পারে একটি যুক্তিসঙ্গত শুরু।
এ ধরনের ডিগ্রি চালুর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সুস্পষ্ট মানদণ্ড ঠিক করতে হবে। ২০২৪ সালে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রদানের অনুমতি দেওয়ার খসড়া নীতিমালা তৈরি করছিল এবং বিশেষজ্ঞরা তখন কঠোর তদারকির প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করেছিলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তির সংখ্যা ২০১৬ সালের ৪৭৪ জন থেকে কমে ২০২১ সালে ৩৫৩ জনে দাঁড়িয়েছে, পাশাপাশি প্রতিষ্ঠানভেদে গবেষণার সক্ষমতা ও মানের ক্ষেত্রেও বড় ধরনের পার্থক্য রয়েছে। নতুন কোনো পিএইচডি পদ্ধতি চালুর সময় এই পার্থক্যগুলো এড়িয়ে যাওয়া চলবে না।
এখানে কিছু বাস্তব ঝুঁকিও রয়েছে
একটি প্রোটোটাইপ বা নমুনা মডেল পরীক্ষার কক্ষে চমৎকার প্রদর্শনী হতে পারে, কিন্তু বাস্তব প্রয়োগে ব্যর্থ হতে পারে। আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলে একজন ভালো বিজ্ঞানীর চেয়ে একজন ভালো বিক্রয়কর্মী পুরস্কৃত হওয়ার ঝুঁকি থাকে। আর ব্যবহারিক পিএইচডিকে যদি একাডেমিকভাবে দুর্বল মনে করা হয়, তবে বাংলাদেশি স্নাতকরা বিদেশে চাকরি বা উচ্চতর সুযোগ খুঁজতে গিয়ে বিপাকে পড়তে পারেন।
প্রফেশনাল ডক্টরেট নিয়ে ব্রিটেনের অভিজ্ঞতা আমাদের জন্য একটি সতর্কবার্তা। ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ২৬ শতাংশ প্রতিষ্ঠান প্রফেশনাল ডক্টরেট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির হার কমে যাওয়ার কথা জানিয়েছে। এর অন্যতম প্রধান বাধা ছিল—এই ডিগ্রিগুলো প্রথাগত পিএইচডির সমমানের হিসেবে বিবেচিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা।
উদ্ভাবনের নামে বাংলাদেশের উচিত হবে না কোনো দ্বিতীয় শ্রেণির পিএইচডি তৈরি করা।
এই ঝুঁকিগুলো মোকাবিলার উপায়গুলো বেশ সহজ, যদিও তা বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার প্রয়োজন। পরীক্ষক নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট শিল্পখাত—উভয় জায়গা থেকেই। প্রতিটি ব্যবহারিক অর্জনের সাথে একটি সংক্ষিপ্ত কারিগরি প্রতিবেদন থাকতে হবে, যেখানে গবেষণার পদ্ধতি, বৈজ্ঞানিক অবদান, ফলাফল এবং সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করা থাকবে।
সফল প্রয়োগ, পেটেন্ট, লাইসেন্সিং বা আয়ের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে হবে। স্নাতকরা কর্মক্ষেত্রে কী করছেন বিশ্ববিদ্যালয়গুলোকে তা পর্যবেক্ষণ করতে হবে এবং সেই ফলাফল প্রকাশ করতে হবে। প্রথাগত থিসিসের পথও খোলা রাখতে হবে, কারণ তাৎক্ষণিক কোনো পণ্য তৈরি করতে না পারলেই মৌলিক গবেষণার মূল্য কমে যায় না।
সর্বোপরি, এ ধরনের প্রোগ্রামে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। ইনকিউবেশন সহায়তা, পেটেন্ট সহায়তা এবং গবেষণা অনুদান কেবল হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সবার কাছে পৌঁছাতে হবে। এসব সম্পদ ছাড়া ব্যবহারিক পিএইচডি কেবল একটি আকর্ষণীয় স্লোগান হয়েই থাকবে।
এই দৃষ্টিভঙ্গি কেবল পিএইচডি শিক্ষায় সীমাবদ্ধ রাখা উচিত নয়। আমরা স্নাতক ও স্নাতকোত্তর থিসিসেও সমস্যা সমাধানমূলক প্রকল্প নিয়ে পরীক্ষা চালাতে পারি, এমনকি স্কুল পর্যায়েও এ ধরনের চিন্তার সূচনা করতে পারি। শিক্ষার্থীদের শুরুতেই শেখা উচিত যে, শিক্ষা মানে কেবল তারা কী জানে তা দেখানো নয়, বরং চারপাশের সমস্যা সমাধানে সেই জ্ঞানকে কাজে লাগানো।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে এবং একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে। সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণে কেবল ডিগ্রি আর গবেষণাপত্রের সংখ্যা বাড়ালেই চলবে না। আমাদের এমন গবেষক প্রয়োজন, যাঁরা আমাদের কৃষিজমি, কলকারখানা, সমাজ এবং পরিবেশের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবেন।
একজন গবেষক প্রথাগত থিসিস জমা দিলেন নাকি একটি কার্যকর প্রোটোটাইপ দেখালেন—তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গবেষণার মান এবং প্রমাণের দৃঢ়তা। মানদণ্ড অবশ্যই উঁচু রাখতে হবে। আমাদের কেবল পুনর্বিবেচনা করা উচিত যে, সেই মানদণ্ড পূরণের একাধিক বিশ্বাসযোগ্য পথ থাকতে পারে কি না।
বাংলাদেশের উচিত অত্যন্ত সতর্কতার সাথে এটি পরীক্ষা করা, ফলাফল সততার সাথে মূল্যায়ন করা এবং এমন একটি পিএইচডি পথ তৈরি করা যা দেশে ও বিদেশে কৃষক, শিল্পখাত এবং বিশ্ববিদ্যালয়গুলোর শ্রদ্ধা অর্জন করবে। লুই পাস্তুর আঙুর ক্ষেতে গিয়েছিলেন। আমাদের গবেষকরা যেতে পারেন খুলনার লবণাক্ত পোল্ডারে, সিলেটের হাওরে, যমুনার চরাঞ্চলে এবং গাজীপুরের পোশাক কারখানায়। আসুন, বৈজ্ঞানিক মানদণ্ড অটুট রেখে আমরা তাঁদের সেই সুযোগ দিই। এবং ডিগ্রি অর্জনের দিনের বাইরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করি—সমস্যাটির কি স্থায়ী সমাধান হলো?
লেখক: সহযোগী অধ্যাপক এবং এনভায়রনমেন্টাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস প্রোগ্রামের পরিচালক, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW), চট্টগ্রাম।





