জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে তরুণদের সম্পৃক্ত করতে একসঙ্গে কাজ করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এউডব্লিউ) গ্রিন ব্যাঙ্গল প্রজেক্ট ও ইয়ুথনেট গ্লোবাল। এ উদ্যোগের অংশ হিসেবে নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে এক জলবায়ু সচেতনতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং প্রকৃতির সম্পদ সংরক্ষণে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশবিজ্ঞান ও জীববিজ্ঞান কর্মসূচির পরিচালক এবং গ্রিন ব্যাঙ্গল প্রজেক্টের প্রধান গবেষক ড. মোসে সেলভাকুমার পলরাজ। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির এমএস ইন অ্যাপারেল সায়েন্সেস প্রোগ্রামের পরিচালক ড. আহমেদুল কবির, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী এবং হিসাববিজ্ঞানের প্রভাষক মাহবুবুল হাসান। এ ছাড়া ইয়ুথনেট গ্লোবালের চট্টগ্রাম জেলা ও বিভাগীয় পর্যায়ের সমন্বয়কেরাও এ কর্মসূচিতে অংশ নেন।
আলোচনায় পরিবেশ সংরক্ষণে চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়, তা হলো- ভোগ কমানো, সম্পদ সংরক্ষণ, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ করা। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শুধু সচেতনতাই যথেষ্ট নয়, দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং প্রকৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়াও জরুরি।

কর্মসূচির অংশ হিসেবে তাল ও খেজুরগাছের চারা এবং বীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়।
আয়োজকরা জানান, গ্রিন ব্যাঙ্গল প্রজেক্ট পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটির কার্যক্রমে পরিবেশের উন্নয়নের পাশাপাশি মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির সমন্বয় করেন গ্রিন ব্যাঙ্গল প্রজেক্টের গবেষণা সহকারী উনুচিং মারমা ও তাসফিয়া আসাদ তয়া, প্রকল্পটির স্বেচ্ছাসেবক সায়কা সুলতানা এবং ইয়ুথনেট গ্লোবালের চট্টগ্রাম জেলা সমন্বয়ক পূর্ণা সেন। পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর এ উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম ও বৃক্ষরোপণকে জলবায়ু মোকাবিলার বৃহত্তর প্রচেষ্টার সঙ্গে যুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে।





