– – 

– – 

সিএসসিআর ও চসিকের উদ্যোগ: সিএমপিতে স্তন ক্যান্সার সচেতনতামূলক সভা আগামীকাল

‘পিংক অক্টোবর-২০২৬’ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জুড়ে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), সিএসসিআর (CSCR) এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস অ্যাকাডেমিয়ার যৌথ উদ্যোগে অক্টোবর মাসজুড়ে নগরীতে নানা ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার সকাল ১০টায় দামপাড়াস্থ পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নারী সদস্য এবং পুলিশ পরিবারের নারীদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুনাক (পুলিশ নারীদের কল্যাণ সমিতি), সিএমপি-র প্রেসিডেন্ট মিসেস ফারজানা আরজু। অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ চিকিৎসকসহ সাত সদস্যের একটি নারী চিকিৎসক দল স্তন ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং স্ক্রিনিং ও চিকিৎসা সংক্রান্ত তথ্য উপস্থাপন করবেন।

bKash

উদ্যোক্তারা জানান, ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের লক্ষ্যে সিএসসিআর হাসপাতালে পুরো মাসজুড়ে প্রতি রবি, মঙ্গলবার ও বুধবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বিনামূল্যে স্তন ক্যান্সার সচেতনতা ও পরামর্শ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া বিআরটিসি পিংক বাসে ভ্রাম্যমাণ স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আগামী ১৪ অক্টোবর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়েও নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুরূপ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উদ্বোধনী আমেজ ও ‘পিংক বাস’ সেবা

এর আগে অক্টোবরের প্রথম সকালেই চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এতে অংশ নেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, চমেকহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দীন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আনিসুল হোসেন, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান এবং সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীসহ শীর্ষ স্থানীয় চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

শোভাযাত্রা থেকে চট্টগ্রামকে একটি “Breast Cancer Aware City” হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মেয়র ডা. শাহাদাত হোসেন। সচেতনতার প্রতীক হিসেবে পুরো অক্টোবর মাসজুড়ে প্রতিটি বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে একটি করে ছোট গোলাপি আলো জ্বালিয়ে রাখার উদাত্ত আহ্বানও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল বিআরটিসি-র একটি দ্বিতল ‘পিংক বাস’, যা মূলত একটি ভ্রাম্যমাণ হাসপাতাল হিসেবে কাজ করছে। পুরো অক্টোবর মাসজুড়ে প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিজ্ঞ সার্জারি বিশেষজ্ঞদের নিয়ে এই বাসটি চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সাধারণ নারীদের বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও স্বাস্থ্য পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে।