– – 

– – 

সিএসসিআরে ৯ ক্যানসার রোগীকে বিনামূল্যে অপারেশন করলেন ব্রিটিশ সার্জন

স্তন ক্যানসার বা ব্রেস্ট ক্যানসার; শব্দটি শুনলেই যে-কোনো নারী ও তাঁর পরিবারের চোখেমুখে নেমে আসে ঘোর অন্ধকার। একদিকে মরণব্যাধির ভয়, অন্যদিকে ব্যয়বহুল অস্ত্রোপচার ও চিকিৎসার খরচ জোগাড়ের দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েন সাধারণ ও মধ্যবিত্ত মানুষ।

দেশে ক্যানসার সচেতনতা নিয়ে নানা সেমিনার, র‍্যালি কিংবা আলোচনা সভা নিয়মিত হলেও, শনাক্ত হওয়া রোগীদের পাশে সরাসরি দাঁড়িয়ে সম্পূর্ণ বিনামূল্যে জটিল অস্ত্রোপচারের ব্যবস্থা করার নজির একেবারেই বিরল। আর ঠিক সেই অসম্ভব ও ব্যতিক্রমী জনকল্যাণকর কাজটিই করে দেখাচ্ছে চট্টগ্রামের শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘সিএসসিআর হাসপাতাল’

শুধু সচেতনতার বাণীতে সীমাবদ্ধ না থেকে, সুদূর যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ শল্যচিকিৎসক এনে ক্যানসার আক্রান্ত নারীদের বিনামূল্যে অপারেশনের মাধ্যমে নতুন জীবনের আলো দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।

bKash

‘পিংক অক্টোবর-২৬’ ব্রেস্ট ক্যানসার সচেতনতা কার্যক্রমের ধারাবাহিকতায় নভেম্বর মাসব্যাপী চলমান ‘Awareness to Care’ কর্মসূচির আওতায় আজ রোববার (১৫ নভেম্বর ) দিনব্যাপী সিএসসিআর হাসপাতালের অপারেশন থিয়েটারে এই বিনামূল্যে অপারেশন কার্যক্রম পরিচালিত হয়।

জীবনরক্ষার পাশাপাশি তরুণদের প্রশিক্ষণ

মানবিক এই উদ্যোগের সবচেয়ে বড় চমক ছিল আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করা। আজ দিনব্যাপী সিএসসিআর হাসপাতালের অপারেশন থিয়েটারে সরাসরি অস্ত্রোপচার পরিচালনা করেছেন যুক্তরাজ্য থেকে আগত প্রখ্যাত ব্রিটিশ শল্যচিকিৎসক ডা. ল’রা জনসন এবং ডা. মো. জাকের উল্লাহ।

সিএসসিআর সংশ্লিষ্টরা জানিয়েছেন, পিংক অক্টোবর মাসে ব্রেস্ট ক্যানসার শনাক্ত হওয়া মোট নয়জন (৯ জন) রোগীর বিনামূল্যে সফল ব্রেস্ট অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

কেবল রোগীদের জীবন বাঁচানোই নয়, এই উদ্যোগটি পরিণত হয়েছে দেশের চিকিৎসাবিজ্ঞানের এক উন্মুক্ত পাঠশালায়। ব্রিটিশ চিকিৎসকদের এই নিখুঁত অপারেশন কার্যক্রম হাসপাতালের কনফারেন্স রুম থেকে বড় পর্দায় সরাসরি পর্যবেক্ষণ করছেন চট্টগ্রামের একদল তরুণ শল্যচিকিৎসক এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জারির শিক্ষার্থীরা, যা তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।

ত্রিমুখী উদ্যোগের প্রশংসায় চসিক প্রশাসক

সকালে বিনামূল্যে এই অপারেশন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। সুদূর যুক্তরাজ্য থেকে চট্টগ্রামে এসে মানবিক এই কাজে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য তিনি ব্রিটিশ চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত বলেন—

‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া; এই তিন স্তম্ভের সম্মিলিত উদ্যোগে বিগত ২০২৫ সাল থেকে অত্যন্ত প্রশংসনীয় বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কেবল সচেতনতা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ না থেকে সিএসসিআরের মতো সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।’

সিএসসিআরের এই জনকল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি আরও জানান, এ বছর ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসের কার্যক্রমে ক্যানসার শনাক্ত হওয়া রোগীদের কেবল বিনামূল্যে অপারেশনই নয় বরং এর আগে বিনামূল্যে ‘টিউমার বোর্ড’-এর মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শও প্রদান করা হয়েছে।

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর রোগীদের অতিরিক্ত চাপ কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে একাধিক মাল্টি-ডিসিপ্লিনারি ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

রোগীর স্বজনদের চোখেমুখে স্বস্তির হাসি

ক্যানসারের মতো ব্যয়বহুল চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের ব্রিটিশ সার্জনদের হাতে প্রিয়জনের অস্ত্রোপচার করাতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন হাসপাতালে উপস্থিত রোগীর স্বজনেরা। চসিক প্রশাসকের নেতৃত্বে ব্রেস্ট ক্যানসার বিষয়ক সচেতনতা, বিনামূল্যে রোগ নির্ণয় এবং বিনামূল্যে অপারেশনের মতো এই মহৎ ও জীবনরক্ষাকারী উদ্যোগ গ্রহণের জন্য তাঁরা সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষ এবং পিজিএস একাডেমিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতে সিএসসিআর হাসপাতালের ‘Awareness to Care’ কর্মসূচিটি প্রমাণ করেছে, বেসরকারি হাসপাতাল কেবল মুনাফাকেন্দ্রিক প্রতিষ্ঠান নয়; সদিচ্ছা থাকলে সামাজিক দায়বদ্ধতা থেকেও সাধারণ মানুষের জীবন বাঁচাতে এমন ঐতিহাসিক ও জনকল্যাণকর ভূমিকা রাখা সম্ভব।

সিএসসিআর হাসপাতালের আরও উদ্যোগ নিয়ে পড়তে নিচের লিংকে ক্লিক করুন—

এক.  চট্টগ্রামে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ফ্রিতে ‘ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং’ সেবায় গোলাপি বাস
দুই.  সিএসসিআর ও চসিকের উদ্যোগ: সিএমপিতে স্তন ক্যান্সার সচেতনতামূলক সভা আগামীকাল
তিন.  সিএসসিআর ও টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
চার.  এবার চট্টগ্রামে ফ্রিতে ক্যানসারের অস্ত্রোপচার করবেন যুক্তরাজ্যের দুই সার্জন
পাঁচ.  বন্দর থানা প্রাঙ্গণে পিংক বাস, হলো ক্যান্সার স্ক্রিনিং