– – 

– – 

এইউডব্লিউ শিক্ষার্থীদের ম্যারাথন: কেইপিজেডে অন্যরকম সকাল

প্রকৃতিতে ঘটছে শীতের আগমন। একটু-আধটু শীতের জেরে দেখা মিলছে কুয়াশার। এমনই এক প্রাণবন্ত শীতের সকালে কুয়াশার রেশ কাটতে না কাটতেই আনোয়ারার কর্ণফুলী ইপিজেডে’র সামনে জড়ো হয়েছেন একঝাঁক তরুণী, শিক্ষক ও কর্মকর্তা। উদ্দেশ্য, নিজেদের বিশ্যবিদ্যালয়ের আয়োজনে মিনি ম্যারাথনে অংশ নেবেন তারা; এমনই উচ্ছ্বাস বিরাজ করছিল সবার চোখে মুখে।

সবুজ ও সুস্থ চট্টগ্রাম গড়ার প্রত্যয় নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) স্টুডেন্ট গভর্নমেন্টের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য এই ৫ কিলোমিটার মিনি ম্যারাথনের আয়োজন করেছে ‘দ্য গ্রিন ব্যাঙ্গেল প্রজেক্ট’।

শুক্রবার (২০ নভেম্বর ) সকাল সাড়ে ৭টায় কর্ণফুলী ইপিজেড মূল ফটক থেকে শুরু হয় এই মিনি ম্যারাথন। সবুজ প্রকৃতির বুক চিরে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে অংশগ্রহণকারীরা পৌঁছে যান এইউডব্লিউ কেইপিজেড (AUW KEPZ) ক্যাম্পাসে। এই আয়োজনের অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও টিচিং ফেলোসহ প্রায় ১৫০ জন।

bKash

দেখা গেছে, শ্রেণিকক্ষের বাইরে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের একসাথে দৌঁড়ানোর ব্যাপারটিই ছিল এ আয়োজনের সবচেয়ে প্রাণবন্ত দিক। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ট্র্যাকে নেমে শিক্ষার্থীদের সাথে দৌড়ে অংশ নেন, যা ক্যাম্পাসে সুস্থ জীবনধারা ও শরীরচর্চার প্রতি তাঁদের আন্তরিক সমর্থনেরই প্রতিফলন।

আয়োজকদের মতে, এ মিনি ম্যারাথনের মাধ্যমে নিয়মিত শরীরচর্চা কীভাবে শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমিয়ে প্রশান্তি দেয় এবং সুস্থ জীবনযাপনে সাহায্য করে; তা শিক্ষার্থীরা হাতেকলমে অনুভব করেছেন। একইসাথে সু-স্বাস্থ্যের জন্য একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ যে কতটা জরুরি, সে বিষয়েও সচেতনতা তৈরি হয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, দৃঢ় সংকল্প, দলগত কাজ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছে।

এ দৌঁড় প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ শিক্ষার্থীকে পদক প্রদান করা হয়েছে। এসময় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী শীর্ষ তিন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় প্রাইজমানি। তারা হচ্ছেন, চ্যাম্পিয়ন রাজিয়া মোহাম্মদী, প্রথম রানার-আপ আসমা আখলাকি, ও দ্বিতীয় রানার-আপ আজাদা আরিফি।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এনভায়রনমেন্টাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস প্রোগ্রামের পরিচালক ড. মোসাই সেলভাকুমার পলরাজের নির্দেশনায় এ অনুষ্ঠানটি সমন্বয় করেন গ্রিন ব্যাঙ্গেল মুভমেন্টের গবেষণা সহকারী উনুচিং মারমা ও তাসফিয়া আসাদ তোয়া।

এসময় একটি সফল আয়োজনের সহযোগিতা করায় গ্রিন ব্যাঙ্গেল প্রজেক্ট টিমের পক্ষ থেকে এইউডব্লিউ স্টুডেন্ট গভর্নমেন্ট, কেইপিজেড সমন্বয়কারী, শিক্ষার্থী স্বেচ্ছাসেবক, এইউডব্লিউ হেলথ সেন্টার, মেইনটেন্যান্স টিম, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং কেইপিজেড কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকেরা বলছেন, ব্যক্তিগত সুস্থতা, সামাজিক অংশগ্রহণ এবং পরিবেশগত দায়িত্ববোধ; এই তিনটি বিষয়কে এক সুতোয় গেঁথেছে আজকের মিনি ম্যারাথন।